অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ফলোঅন এড়াতে লড়াই করছে বাংলাদেশ। গতকাল রাত ১টায় এ প্রতিবেদন লেখার সময় ৫ উইকেটে ১৬৫ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। তখনো স্বাগতিক দলের চেয়ে ২৮৫ রানে পিছিয়ে অতিথিরা। ফলোঅন এড়াতে তখনো প্রয়োজন ছিল ৮৬ রান।
মুমিনুল হক ও লিটন দাস ৬২ রানের জুটি গড়ে দলে আশা দেখালেও দুজন নিজেদের ইনিংস বড় করতে পারেননি। মুমিনুল ৫০ ও লিটন ৪০ রান করে সাজঘরে ফিরে যান দলকে অনিশ্চয়তার সাগরে ভাসিয়ে। ভরসা বলতে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। মিরাজ ২২ ও অনিক ৫ রানে ব্যাট করছিলেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। জাস্টিন গ্রিভস ১১৫, মিকাইল লুইস ৯৭ ও অলিক আথানাজ ৯০ রান করেন।
এটা দুই দলের ২১তম টেস্ট ম্যাচ। এর আগে ক্যারিবীয়রা ১৪ ম্যাচে ও বাংলাদেশ ৪ ম্যাচে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজকে দুবার টেস্ট সিরিজে হারিয়েছে বাংলাদেশ।










