বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে দুই উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৯.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৯৬ রান তুলতে সমর্থ হয় সিলেট। জবাবে ১৮.৪ ওভারে আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে কুমিল্লা।
৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যামেরন ডেলপোর্টের ১৬, মুমিনুল হকের ১৫, অধিনায়ক ইমরুল কায়েসের ১০, আফগান করিম জানাতের ১৮ ও নাহিদুল ইসলামের ১৬ রানে ভর করে কষ্টার্জিত জয় পায় কুমিল্লা। সিলেটের হয়ে নাজমুল ইসলাম তিনটি, সোহাগ গাজী ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন।
এর আগে কুমিল্লার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের ব্যাটাররা। কলিন ইনগ্রাম ২০, রবি বোপারা ১৭ ও সোহাগ গাজীর ১২ রানে ভর করে ৯৬ রান তোলে তারা। নাহিদুল, মুস্তাফিজ ও শহিদুল দুটি করে উইকেট নেন।
সিলেট ও কুমিল্লা উভয় দলেরই এটা ছিল চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ। আজ বিপিএলে কোনো ম্যাচ নেই।










