ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখাচ্ছেন এনামুল হক বিজয়। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রেখেছেন তিনি। সুপার লিগের ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আজও হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার। ব্যাট হাতে ৯১ বলে ৭৩ রানের নান্দনিক এক ইনিংস খেলেছেন। ইনিংসটি সাজিয়েছেন ছয়টি চার ও একটি ছক্কায়। এই ইনিংস খেলে বিজয় গড়েছেন অনন্য এক রেকর্ড। ডিপিএলের ‘লিস্ট-এ’ ক্রিকেট ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়লেন তিনি।
২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪ সাইফ হাসান। এবার সেই রেকর্ড ভাঙলেন এনামুল হক বিজয়। ১২ ম্যাচ শেষে বিজয়ের এখন ৮৭৮ রান। চলতি মৌসমে বিজয়ের হলো ছয়টি হাফসেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি। হাতে আছে আরো তিনটি ম্যাচ। সুযোগ রয়েছে নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার এবং এক হাজার রান স্পর্শ করার হাতছানি তার সামনে।
৮০৫ রান নিয়ে বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিলেন এনামুল। শীর্ষে উঠতে প্রয়োজন ছিল তার ১০ রান। সভারে বিকেএসপির ৪ নম্বরে মাঠে ইনিংসের তৃতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন তিনি। পরের ওভারে পেসার আল-আমিন হোসেনকে ডিপ কভার ও মিড উইকেট দিয়ে দুই চার হাঁকান। তাতে রেকর্ডবুকে নিজের নাম তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান।










