ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বোলিং করতে পারবেন না বাংলাদেশের অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আজ রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত শুক্রবার ইএসপিএনক্রিকইনফোর এক খবরে বলা হয়, অ্যাকশন অবৈধ হওয়ায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না সাকিব।
গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ওই ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার বল করে সাকিব নেন ৯ উইকেট। গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব, যা আইসিসি স্বীকৃত ল্যাব বলে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সেই বোলিং পরীক্ষায় ব্যর্থ হন সাকিব। এরপরই ইসিবির প্রতিযোগিতায় তার বোলিং নিষিদ্ধ করা হয়।
আজ বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসির নীতিমালার ১১.৪ ধারা মোতাবেক, আইসিসি স্বীকৃত কেন্দ্রে আবার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে পারবেন সাকিব। তিনি সেই পরীক্ষায় উতরে গেলে সব জায়গায় (ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট) আবার বোলিং শুরু করতে পারবেন। এই মুহূর্তে সাকিব শুরু বিসিবির অধীনে ঘরোয়া প্রতিযোগিতায় বল করতে পারবেন।’
বিসিবি জানায়, বোলিং নিষিদ্ধ হলেও এ মুহূর্তে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলতে পারবেন সাকিব। বিসিবি আশা করছে, বোলিং অ্যাকশন শুধরে নিতে শিগগিরই আইসিসি স্বীকৃত কোনো ল্যাবে শিগগিরই পরীক্ষা দেবেন সাকিব। এ নিয়ে ইসিবি, আইসিসি ও খেলোয়াড়টির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে বিসিবি।










