ডারবান টেস্টে ৩ উইকেটে ১৬৫ রান তুলে আজ প্রথম দিন চা-বিরতিতে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা ২২ ও অভিষিক্ত রায়ান রিকেলটন ১১ রানে অপরাজিত রয়েছেন।

 

এর আগে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ দলনায়ক মুমিনুল হক। যদিও শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়ে মুমিনুলদের পরিকল্পনা ভেস্তে দিচ্ছিলেন প্রোটিয়া দলনায়ক ডিন এলগার। তিনি ওয়ানডে মেজাজে খেলে মাত্র ৬০ বলে হাফসেঞ্চুরি তুলে নেন। সঙ্গে সারেল আরউইকে নিয়ে মধ্যাহ্নভোজের আগেই ২৫ ওভারে ৯৫ রান তুলে নেন এলগার। মধ্যাহ্নভোজের পর এলগারকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি আনেন পেসার খালেদ আহমেদ। পরের ওভারেই আরউইকেও ফিরিয়ে টাইগারদের আরেকটি উত্সবের উপলক্ষ্য এনে দেন মেহেদী হাসান মিরাজ।

 

১০১ বলে ৬৭ রান করা এলগার উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লিটন দাসকে। খালেদের করা ভালো লেংথের বলটিতে খানিকটা বাউন্স হলে এলগার তা পুল করার চেষ্টা করছিলেন। যদিও তিনি খেলতে দেরি করে ফেলায় বলটি গ্লাভস ছুঁয়ে চলে যায় লিটনের হাতে। মধ্যাহ্নভোজের বিরতির আগে আরউইর ক্যাচ ফেলা লিটন এবার আর ভুলটি করেননি।

 

এর তিন বল পর প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটের পতন ঘটায় বাংলাদেশ। এবার সাজঘরে ফেরেন আরউই। মিরাজের ফুল লেংথের ফ্লাইটেড ডেলিভারির বলটি অফসাইডে পড়ে স্ট্যাম্প ছুয়ে গেলে বিদায় নিতে হয় আরউইকে। তিনি ১০২ বলে ৪১ রান করেন। যদিও ব্যক্তিগত ৩২ রানেই আউট হতে পারতেন এই ব্যাটার। তখন তার ক্যাচ ছাড়েন লিটন। এলগারকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৩৩.২ ওভারে ১১৩ রান যোগ করার কৃতিত্ব দেখান আরউই।

 

তেম্বা বাভুমাকে নিয়ে প্রোটিয়াদের টানছিলেন কিগার পিটারসেন। যদিও ৪৬তম ওভারের শেষ বলে তাকে রানআউট করেন মিরাজ।

 

মধ্যাহ্নভোজের আগমুহূর্তে দারুণ এক সুযোগ হারায় বাংলাদেশ। ২৫তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি বলটি শর্ট পিচ করে বাইরে বাঁক নিয়ে চলে যাওয়ার মুহূর্তে আরউইর ব্যাটে টপ এজ হয়ে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে, যদিও তিনি তালুবন্দি না করে মাটিতে ফেলে দেন! এই আক্ষেপ নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় অতিথিরা। 

 

পাকস্থলীর পীড়ায় আজ সকালে শেষ মুহূর্তে ডারবান টেস্ট থেকে ছিটকে যান তামিম ইকবাল, তার জায়গায় স্কোয়াডে এসেছেন সাদমান ইসলাম। আর শরিফুল ইসলামের জায়গা নেন পেসার খালেদ আহমেদ।

 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় কখনই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। এ নিয়ে প্রোটিয়াদের মাঠে সপ্তম টেস্ট খেলছে টাইগাররা। সম্প্রতি ওয়ানডে সিরিজ জিতে নেয়ায় এবার টেস্টেও ভালো কিছুর স্বপ্ন দেখছে মুমিনুল হকের দল।