আর্জেন্টিনার সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে হার মেনে নিতে পারছে না ফরাসিরা। নিজ দেশের এমন পরাজয়ে শহরের বিভিন্ন সড়কে ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে দাঙার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফ্রান্সজুড়ে ১৪ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খবর দ্য সান।
গণমাধ্যমটি বলছে, প্যারিসের ঐতিহাসিক শঁজ এলিজেতে সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় দাঙ্গা পুলিশ। সড়কে ভাঙচুর ও আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খলা করতে দেখা যায় অনেককে। প্যারিসেও একই পরিস্থিতির কথা জানিয়েছে স্থানীয় একাধিক সংবাদমাধ্যম।
ক্ষুব্ধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বিশৃঙ্খলার দায়ে লিওঁ শহরে থেকে বেশ কয়েকজনকে আটক হয়েছেন। অন্য শহরেও পুলিশ ও ফুটবল সমর্থকদের সংঘর্ষ হয়।










