টানা ছয় জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট
লিগে (ডিপিএল) শিরোপার পথে ছুটছে শেখ জামাল ধানমন্ডি
ক্লাব। আজ (সোমবার) সাভার বিকেএসপির ৩ নম্বর মাঠে সুপার লিগের
প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭২ রানের ব্যবধানে হারিয়েছে ইমরুল কায়েস
বাহিনী। এদিন ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের
কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরেছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে আরেক ম্যাচে
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
টেবিলের শীর্ষ দল শেখ জামাল আজ সকালে টস হেরে আগে ব্যাটিং করে তিন হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭১ রান তোলে। রবিউল ইসলাম রবি ৫৮, নুরুল হাসান সোহান ৭৩ ও পারভেজ রাসুল ৭২ রানে অপরাজিত থাকেন। গাজী গ্রুপের ধ্রুব শোরে তিনটি ও মারাজ মাহবুব দুটি উইকেট নেন।
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩.৫
ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। ভারতীয় অলরাউন্ডার ধ্রুব শোরে সর্বোচ্চ
৫৫ রান করেন। শেখ জামালের হয়ে পারভেজ রাসুল ও এবাদত হোসেন তিনটি করে উইকেট নেন।
মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে এনামুল হক
বিজয়ের
(৭৭) হাফসেঞ্চুরিতে ৯ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। আবাহনীর হয়ে
শ্রীলংকান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা তিনটি উইকেট নেন। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট
করতে নেমে প্রাইম ব্যাংকের স্পিনারদের ঘূর্ণি তোপে ৩৪.৪ ওভারে ১৩১ রানে সবকটি
উইকেট হারায় আবাহনী। নাসির হোসেন ও রাকিবুল হাসান তিনটি করে এবং তাইজুল ইসলাম ও
মেহেদী হাসান দুটি করে উইকেট নেন।
বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে সাব্বির রহমানের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২৫ রানের বিশাল সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১১ বলে আটটি চার ও সমানসংখ্যক ছক্কায় ১২৫ রান করেন সাব্বির। এছাড়া ৬৬ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন ভারতের চিরাগ জনি। ৩২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭০ রান তুলতে সমর্থ হয় রূপগঞ্জ টাইগার্স। ১০৭ বলে ১১৬ রানের হার না মানা ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি পাকিস্তানের সাদ নাসিম।
আজকের জয়ের পর ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সংহত করল শেখ জামাল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ, ১৪ পয়েন্ট নিয়ে তিনে প্রাইম ব্যাংক। এরপর আবাহনী (১৪), রূপগঞ্জ টাইগার্স (১০) ও গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০)।










