বার্সেলোনা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে স্থায়ী চুক্তিতে সই করেছেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহোর ছেলে হোয়াও মেন্দেস ডি অ্যাসিস মোরেইরা। এফসি বার্সেলোনা এক ঘোষণায় এ কথা জানিয়েছে। 

জানুয়ারি থেকেই বার্সেলোনা যুব দলের সঙ্গে অনুশীলন করে আসছিলেন মেন্দেস। তার সঙ্গে কাতালান ক্লাবটি চুক্তি করবে কিনা, তখন তা নিশ্চিত ছিল না। যদিও সফল এক ট্রায়াল শেষে তিনি সুখবর পান। তাকে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয় কাতালানরা। একাডেমির পরিচালক হোসে র‍্যামন আলেক্সাঙ্কোর উপস্থিতিতে চুক্তিতে সই করেন ১৮ বছর বয়সী মেন্দেস।

সূত্র জানিয়েছে, আগামী বছর গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষ হবে, যখন খেলোয়াড়টি অনূর্ধ্ব-১৯ ব্র্যাকেট থেকে বেরিয়ে যাবেন। এ চুক্তি শেষে তাকে বর্ধিত চুক্তির প্রস্তাব দেয়া হবে কিনা, সে ব্যাপারটি মূল্যায়ন করবে কাতালানরা। 

১৪ বছর বয়স থেকে ব্রাজিলের ক্লাব ক্রুজেরোর হয়ে খেলছিলেন টিনএজ। গত বছর শেষদিকে তিনি ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেন। 

মেন্দেস একজন বাম পায়ের ফরোয়ার্ড, যিনি ফ্রন্টলাইনের প্রতিটি পজিশনে খেলতে সমর্থ। তার ক্যারিয়ার দেখাশোনা করেন চাচা রবার্তো ডি অ্যাসিস মোরেইরা। উল্লেখ্য, রোনালদিনহোর খেলোয়াড়ি জীবনেও সক্রিয় ভূমিকা পালন করেন রবার্তো। 

ছেলে বার্সেলোনায় নাম লেখানোয় নিজের স্মৃতিবিজড়িত শহরে আরো কিছুটা সময় কাটানোর উপলক্ষ তৈরি হবে রোনালদিনহোর। এ ক্লাবে তিনি খেলেছেন ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচ বছর। ছেলের ট্রায়াল উপলক্ষে এরই মধ্যে বার্সেলোনায় রয়েছেন ৪২ বছর বয়সী রোনালদিনহো। গত সপ্তাহে তিনি জেরার্ড পিকের কিংস লিগে খেলেছেন পোরসিনোস ক্লাবের হয়ে। সেভেন-এ-সাইড লিগটি জানুয়ারিতে শুরু হয়। যদিও নিজের প্রথম ম্যাচে মোটেও ভালো খেলেননি রোনালদিনহো। পেনাল্টি শুটআউটে হেরেছে তার দল। 

বার্সার হয়ে ২০৭ ম্যাচে ৯৪ গোল করেনে রোনালদিনহো। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় ছাড়াও দুবার লা লিগার স্বাদ পান তিনি। এছাড়া ইউরোপে পিএসজি, এসি মিলানের হয়ে খেলেছেন রোনালদিনহো।