উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের।
কোপা ডেল রে কাপেও শিরোপা সম্ভাবনা উজ্জ্বল লস ব্লাঙ্কোসদের। সেখানে প্রতিপক্ষ
দুর্বল ওসাসুনা। যদিও লা লিগায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে
তাদের। শনিবার রাতে ভিলারিয়ালের কাছে ২-৩ গোলে হেরে যায় কার্লো অ্যানচেলত্তির দল।
বার্নাব্যুতে স্যামুয়েল চুকবুয়েজের শেষ মুহূর্তের গোলে স্তব্ধ হয়ে যায় রিয়াল
মাদ্রিদ। এতে এক ম্যাচ বেশি খেলেও লিগ লিডার বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পেছনে পড়ে
যায় তারা। ২৭ ম্যাচে কাতালানদের সংগ্রহ ৭১ পয়েন্ট, ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে
রিয়াল। সোমবার জিরোনাকে ঘরের মাঠে হারাতে পারলেই ১৫ পয়েন্ট এগিয়ে যাবে বার্সেলোনা।
এদিকে, ৩৩ বছরের মধ্যে প্রথম সিরি-এ শিরোপা জেতার দ্বারপ্রান্তে নাপোলি।
শুক্রবার তারা ২-১ গোলে লেচ্চেকে হারিয়ে দ্বিতীয় স্থানধারী লাৎসিওর চেয়ে ১৯
পয়েন্টে এগিয়ে যায়। যদিও শনিবার জুভেন্টাসকে হারিয়ে ব্যবধান কমায় লাৎসিও। এরপরও
তাদের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে নাপোলি। মৌসুমের ম্যাচ বাকি মাত্র ৯টি। কাজেই নাপোলির
শিরোপা প্রায় নিশ্চিত। সর্বশেষ ১৯৮৯-৯০ মৌসুমে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে লিগ
শিরোপা জিতেছিল নাপোলি। বলাবাহুল্য, ১৯৮৬-৮৭ মৌসুমে ম্যারাডোনার নেতৃত্বেই
প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের গৌরব অর্জন করেন নেপলস শহরের ক্লাবটি। তারপর শহরে
শিরোপা আসে ১৯৮৯-৯০ মৌসুমে। নেপলসে আবার উৎসবের অপেক্ষা।
তবে লা লিগা ও সিরি-এ’র মতো পয়েন্টের এত বেশি ব্যবধান নেই ইংলিশ প্রিমিয়ার
লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান ও বুন্দেসলিগায়। তিনটি লিগেই জমজমাট লড়াই চলছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইটা মূলত বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার
সিটি ও আর্সেনালের মধ্যে চলছে। শনিবার সাউদাম্পটনকে ৪-১ গোলে হারিয়ে লিগ লিডার
আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে সিটিজেনরা। এ ম্যাচে জোড়া গোল করেন
আর্লিং হালান্ড। ২৭টি লিগ ম্যাচে ৩০ গোল হয়ে গেছে তার। সব প্রতিযোগিতা মিলে এ
মৌসুমে তিনি করেছেন ৪৪ গোল, যা প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড় হিসেবে একটি রেকর্ড।
আজ রোববার রাতে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে
টেবিলের শীর্ষে আর্সেনাল, ২৯ ম্যাচে সিটির পয়েন্ট ৬৭।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৬৩
পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। অর্থ্যাৎ, শীর্ষ দুই দলের মধ্যে মাত্র ৬ পয়েন্টের
ব্যবধান। ৬০ পয়েন্ট নিয়ে মার্সেই তিনে ও মোনাকো ৫৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।
শনিবার রাতে লিওনেল মেসি ও সার্জিও রামোসের গোলে ভর করে নিসকে ২-০তে হারিয়েছে
পিএসজি।
জার্মানিতে ম্যাথিস ডি লিটের দুর্দান্ত এক গোলে
ফ্রেইবুর্গকে ১-০তে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের
শীর্ষে বায়ার্ন, যারা সর্বশেষ ১০টি লিগ শিরোপা জিতেছে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে
দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। গত সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডকে ৪-২ গোলে
হারিয়ে তাদের টপকে যায় বাভারিয়ানরা।










