ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেড আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, এ সপ্তাহে তাদের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় তাদের নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এই পোস্টে তারা একমাত্র হামজা চৌধুরীর ছবি দিয়েছে, যিনি বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক ঘটবে ২৭ বছর বয়সী হামজার। তিনি এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। তবে জাতীয় দলের জায়গা না পেয়ে বাংলাদেশকে বেছে নেন।

হামজা লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন এবং এফএ কাপ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। এবার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটতে যাচ্ছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

এই ম্যাচটি খেলতে বৃহস্পতিবার শিলং পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল।