২০২৫ সালের জুন পর্যন্ত তিন বছরের জন্য এরিক টেন হ্যাগকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দুই পক্ষ সম্মত হলে চুক্তি আরো বাড়ানোর সুযোগ থাকছে। ওলে গুনার সুলশারের বিদায়ের পর পাঁচ মাস ধরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করছেন রালফ র্যাংনিক। আগামী জুনে তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ৫২ বছর বয়সী হ্যাগ। আর শুরুতেই দল গুছিয়ে নিতে তিনি পাবেন অন্তত ১২ কোটি ইউরো।

২০১৭ সাল থেকে ডাচ ক্লাব আয়াক্সের কোচ হ্যাগ। দীর্ঘ ২২ বছর পর ২০১৯ সালে আয়াক্সকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়েছিলেন এ কোচ। এর আগে পেপ গার্দিওলার সঙ্গে বায়ার্ন মিউনিখের দ্বিতীয় দল নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত ডাচ ক্লাব উট্রেখটের দায়িত্বে ছিলেন তিনি।

এমন সময় টেন হ্যাগ ম্যানইউর দায়িত্ব নিচ্ছেন, যখন ম্যানইউর অবস্থা বেশ খারাপ। ২০১৩ সালের পর প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি দলটি। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ছয়ে। সেরা চারে থেকে মৌসুম শেষ করতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবে না রেড ডেভিলরা। দলের এমন বাজে পরিস্থিতি জেনেও ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন টেন হ্যাগ। কারণ তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন!

ইউনাইটেডে কোচ হতে পেরে রোমাঞ্চিত হ্যাগ জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারা বড় সম্মানের। সামনের চ্যালেঞ্জের জন্য অনেক রোমাঞ্চিত। অসাধারণ এ ক্লাবের ইতিহাস আমি জানি, সমর্থকদের আবেগও বুঝি, ক্লাবটাকে প্রত্যাশিত সাফল্য এনে দেয়ার মতো একটা দল গড়তে আমি সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত।

টেন হ্যাগ অর্থের চেয়ে পেশাটাকে বেশি মূল্যায়ন করেন। ক্লাবের কাছে তার বড় কোনো চাওয়া নেই। কারণ তিনি ধনী পরিবার থেকে উঠে এসেছেন। তার পিতা ও ভাই বিলিয়নেয়ার। তাদের রিয়েল এস্টেট কোম্পানি ও বেশকিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বিবিসি ও মার্কা