ডেভিড ওয়ার্নার না পেলেও টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি ঠিকই ওয়ানডে স্টাইলে তুলে নিয়েছেন ট্রাভিস হেড। তার সেঞ্চুরিতে ভর করে অ্যাশেজ সিরিজের প্রথম ইনিংসে বড় লিড পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সাত উইকেটে ৩৪৩ রান করেছে স্বাগতিকরা। ইতোমধ্যে লিড দাঁড়িয়েছে ১৯৬ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল  ১৪৭ রান। ট্রাভিস হেড ১১২ ও মিচেল স্টার্ক ১০ রানে অপরাজিত আছে।

ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ১০ রানের মাথায় ওপেনার মার্কাস হ্যারিসের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে সে চাপ কাটিয়ে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের ১৫৬ রানের জুটি অস্ট্রেলিয়াকে লিড এনে দেয়। ১১৭ বল খেলে ৭৪ রান করে ফেরেন লাবুশেন। ছয়টি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। দেখে-শুনে খেলে ওয়ার্নারও তুলে নেন টেস্ট ক্যারিয়ারে ৩১তম অর্ধশতক। তবে শুরুটা ভালো হয়নি স্টিভেন স্মিথের। ১৯ বলে ১২ রান করে আউট হন এ মিডল অর্ডার ব্যাটার। এরপর ওয়ার্নারও ফিরে যান সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকেই। ওলি রবিনসনের শিকার হন এই ওপেনার। বেন স্টোকসকে ক্যাচ দেয়ার আগে ১৭৬ বলে ৯৪ রান করে যান তিনি। ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির মার।

পাঁচে নামা ট্রাভিস হেডের সঙ্গ দিতে পারেননি অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন। ক্যারি ১২ ও গ্রিন ফেরেন ০ রানে। অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাট থেকে আসে ১২ রান। তবে একপ্রান্তে দাঁড়িয়ে ওয়ানডে গতিতে রান তুলতে থাকেন হেড। ৮৫ বলে তুলে নেন সেঞ্চুরি। ১১৮ স্ট্রাইক রেটে ১২টি চার ও দুটি ছক্কায় টেস্টে নিজের তৃতীয় শতক করেন হেড। দিন শেষে ৯৫ বলে ১১২ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে সঙ্গ দেয়া মিচেল স্টার্ক অপরাজিত আছেন ১০ রানে। ইংল্যান্ডের হয়ে ওলি রবিনসন তিনটি, মার্ক উড, জ্যাক লিচ, জো রুট ও ক্রিস ওকস একট করে উইকেট নেন।