বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স বৈশ্বিক আসরে বাংলাদেশকে প্রথম কোনো শিরোপা এনে দিয়ে চমক দেখাল। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে নুরুল হাসান সোহানের দল। গতকাল ভোরে প্রভিডেন্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫৬ রানে হারায় অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে।
ব্যাটে সৌরভ ছড়িয়ে রংপুরকে শিরোপা এনে দিলেন সৌম্য সরকার। বামহাতি ব্যাটার ৫৪ বলে ৮৬ রান করে দলকে এনে দেন ১৭৮ রানের পুঁজি। এরপর বোলাররা এই রানকে দারুণভাবে ডিফেন্ড করেছেন। ভিক্টোরিয়া ১৮.১ ওভারে ১২২ রান তুলে অলআউট হয়েছে। সৌম্য ম্যাচসেরা হওয়ার পাশাপাশি ১৮৮ রান করে সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন।
স্টিভেন টেইল ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে ১৪ ওভারে তুলেছেন ১২৪ রান, যা রংপুরের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড জুটি। আগের সর্বোচ্চ রানের জুটি ছিল জহুরুল ইসলাম অমি ও সৌম্যর গড়া ১০২ রান।
সৌম্য ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৮৬ এবং যুক্তরাষ্ট্রের মারকুটে ব্যাটার স্টিভেন টেইলর ৪৯ বলে ৬৮ রান করেন। এরপর যুক্তরাষ্ট্রের পেসার হারমিত সিং (৩/১৯) ছাড়াও মেহেদী হাসান (২/২০), সাইফ হাসান (২/২১) ও রিশাদ হোসেনের (২/২৬) দুর্দান্ত বোলিং রংপুরকে জয় এনে দেয়।
সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেনের ফাইনাল না খেলে সেন্ট কিটসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়ানাতেই থেকেছেন তিন ক্রিকেটার। সৌম্য ও রিশাদ দুজন দলের শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন। যদিও আফিফ ব্যাটিংয়ের সুযোগ পাননি। রংপুরকে শিরোপা জিতিয়ে গতকালই তারা সেন্ট কিটসের পথে রওনা হয়েছেন। সেন্ট কিটসে আজ প্রথম ওয়ানডে।
টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ২০তম ফিফটিতে রংপুরকে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি আর রংপুরের দ্বিতীয় টি-টোয়েন্টি ট্রফি এনে দিলেন সৌম্য। ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচ দেশের পাঁচটি দল। দলগুলো হলো বাংলাদেশের রংপুর রাইডার্স, অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়া, ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স ও ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ও ভিক্টোরিয়ার কাছে টানা দুই ম্যাচে হেরে যাওয়ার পর শেষ দুটি ম্যাচে জিতে ফাইনালে উঠে যায় রংপুর রাইডার্স। শুধু নিট রানরেটে তারা পেছনে ফেলে গায়ানা ও লাহোরকে। সেই রংপুরই শেষ পর্যন্ত শিরোপা হাসি হাসল।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৩ (সৌম্য ৮৬, টেইলর ৬৮; ডমিনিক ড্রেকস ১/২০)। ভিক্টোরিয়া: ১৮.১ ওভারে ১২২/১০ (জো ক্লার্ক ৪০, ব্লেক ম্যাকডোনাল্ড ১৬; হারমিত ৩/১৯, মেহেদী ২/২০, সাইফ ২/২১, রিশাদ ২/২৬)। ফল: রংপুর রাইডার্স ৫৬ রানে জয়ী। ম্যাচসেরা ও সিরিজসেরা: সৌম্য সরকার (রংপুর রাইডার্স)।










