নোভাক জোকোভিচ ও ইগা সিয়ানতেকরা আগামীকাল থেকে মেলবোর্ন পার্কে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছেন। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনে এবার রেকর্ড প্রাইজমানি জয়ের হাতছানি। আসরটিতে এবার মোট প্রাইজমানি ৭৬.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। আর সব মিলিয়ে এবারের অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন টেনিস থেকে বিশ্বের তারকারা আয় করতে পারবেন মোট ১০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৬৮ মিলিয়ন মার্কিন ডলার)। এই ১০০ মিলিয়নের মধ্যে ৭৬.৫ মিলিয়ন ডলার আসবে সরাসরি অস্ট্রেলিয়ান ওপেনের কোষাগার থেকে, বাকিটা আসবে নতুন চালু হওয়া আকর্ষণীয় ইউনাইটেড কাপ মিক্সড টিম ইভেন্ট থেকে, যা গত ৮ জানুয়ারি শেষ হয়।
গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা জানান, এবার এককের চ্যাম্পিয়ন পাবেন ২৯ লাখ ৭৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার (২০ লাখ মার্কিন ডলার), যা
গতবারের চেয়ে ৩.৪% বেশি। বাছাই রাউন্ড থেকে শুরু করে প্রতিটি রাউন্ডেই বেড়েছে প্রাইজমানি। এবার বাছাইপর্বের প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করলেই মিলবে ২৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার (১৭,৫০০ মার্কিন ডলার) প্রাইজমানি। এছাড়া বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ৩৬ হাজার ৫৭৫ ডলার ও তৃতীয় রাউন্ডে ৫৫ হাজার ১৫০ ডলার প্রাইজমানি রয়েছে।
মূল পর্বের প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতাকারীরা প্রত্যেকেই পাবেন ১ লাখ ৬ হাজার ২৫০ অস্ট্রেলিয়ান ডলার (৭৫,১৬০ মার্কিন ডলার) এবং যারা দ্বিতীয় রাউন্ডে উঠবেন তারা পাবেন ১ লাখ ৫৮ হাজার ৮৫০ অস্ট্রেলিয়ান ডলার করে (১ লাখ ৬ হাজার ৯৬০ মার্কিন ডলার)।
এবার দ্বৈতে চ্যাম্পিয়ন দল পাবে ৬ লাখ ৯৫ হাজার ডলার, রানার্সআপ পাবে ৩ লাখ ৭০ হাজার ডলার, সেমিফাইনালিস্ট ২ লাখ ১০ হাজার ডলার, কোয়ার্টার ফাইনালিস্ট ১ লাখ ১৬ হাজার ৫০০, শেষ ষোলোয় ৬৭ হাজার ২৫০, শেষ ৩২ রাউন্ডে ৪৬ হাজার ৫০০ ও প্রথম রাউন্ডে ৩০ হাজার ৯৭৫ ডলার প্রাইজমানি রয়েছে।
বৈশ্বিকভাবেই খেলোয়াড়দের আয় বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজমানি বাড়ানো হয়েছে বলে জানান টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টিলি। উল্লেখ্য, নারী ও পুরুষ উভয় বিভাগে প্রাইজমানি সমান। নয়বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ গতবার খেলতে পারেননি কভিড-১৯ টিকা নেননি বলে। অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেও পরবর্তী সময়ে তাকে দেশে ফেরত পাঠায় অস্ট্রেলিয়ার প্রশাসন। গতবার তার অনুপস্থিতিতে এখানে শিরোপা হাতে নেন রাফায়েল নাদাল। জোকোভিচ এবার নতুন উদ্যমে ফিরছেন মেলবোর্ন পার্কে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে খেলেন জোকোভিচ। আর বর্তমান চ্যাম্পিয়ন নাদাল অংশ নেন ইউনাইটেড কাপে, যেখানে মেয়েদের এক নম্বর খেলোয়াড় ইগা সিয়ানতেক খেলেন পোল্যান্ডের হয়ে।
এবার মেলবোর্ন পার্কে বসছে ১১১তম আসর। এ আসরে রেকর্ড নয় বার চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। এবার তিনি খেলবেন দশম শিরোপা জয়ের লক্ষ্যে।










