ভারতীয় জাতীয় দলের ওপেনার স্মৃতি মন্ধানাই এখন ইতিহাসের সবচেয়ে দামি নারী ক্রিকেটার। গত সপ্তাহে নারী আইপিএলের (ডব্লিউপিএল) অভিষেক আসরের নিলামে রেকর্ড ৪ লাখ ১৩ হাজার ডলারে (প্রায় ৪ কোটি ৩৯ লাখ টাকা) ভারতীয় নারী ক্রিকেটের এ পোস্টার গার্লকে দলভুক্ত করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গত সোমবার নিলামের দিন বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত ভারতীয় নারী ক্রিকেটাররা চোখ রাখেন টিম হোটেলের বড় পর্দায়। ক্রিকেটারদের মধ্যে চাপা উত্তেজনা। কয়েক মিনিট পরই প্রথম খেলোয়াড় হিসেবে হাতুড়ির নিচে আসে মন্ধানার নাম। তাকে নিয়ে তুমুল লড়াই হয় মুম্বাই ও বেঙ্গালুরুর মধ্যে। অবশেষে ৪ লাখ ১৩ হাজার ডলারে তাকে পেয়ে যায় বেঙ্গালুরু। এটাই শেষ পর্যন্ত হয়ে থাকে এবারের অভিষেক নারী আইপিএলের সবচেয়ে দামি চুক্তি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা এতে অংশ নিলেও দামে কেউই মন্ধানাকে টপকাতে পারেননি।
এ নিয়ে স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা বিবিসিকে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় রওনা হওয়ার আগে আমি, স্মৃতি ও আমার ছেলে মিলে বাসায় নারী আইপিএল নিয়ে আলাপ করছিলাম। আমরা আশাবাদী ছিলাম, এবারের নিলামে সর্বোচ্চ দাম পাবে স্মৃতিই। আমি একজন গর্বিত বাবা। শুধু আমার পূর্বাভাস সত্যি হয়েছে বলেই নয়, একজন বাবা হিসেবেও গর্বিত, কেননা সে এমন জায়গায় পৌঁছেছে যেখানে আগে কোনো নারী যায়নি। এ নিলাম, তার নাম—সবই এখন ইতিহাস।’
ছেলেদের আইপিএলে ২০০৮ সাল থেকে ঈর্ষণীয় সাফল্য পেয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আত্মবিশ্বাসী বোর্ডটি তাই ২০২৩ সালে প্রথমবার নারী আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়। এ আসরের জন্য বাছাই করা হয় মোট পাঁচটি দল। এ পাঁচ দলের নিলাম থেকে অন্তত ৪ হাজার ৬৭০ কোটি রুপি পাচ্ছে বিসিসিআই। সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি আদানি গ্রুপের স্পোর্টস লাইন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন আহমেদাবাদভিত্তিক গুজরাট জায়ান্টস। ফ্র্যাঞ্চাইজি কিনতে তাদের খরচ ১ হাজার ২৩৯ কোটি রুপি। এরপর রয়েছে ৯১৩ কোটি রুপির মুম্বাই, ৯০১ কোটি রুপির বেঙ্গালুরু, ৮১০ কোটি রুপির দিল্লি ও ৭৫৭ কোটি রুপির লক্ষ্ণৌ।
নারী আইপিএলে খেলতে আগ্রহ দেখান ভারত ও বিদেশের মোট ১ হাজার ৫২৫ ক্রিকেটার। এর মধ্যে শেষ পর্যন্ত নিলামে ওঠেন ২৪৬ জন ভারতীয় ও ১৬৩ জন বিদেশী। পাঁচ দল মিলে সর্বোচ্চ ৯০ জন ক্রিকেটার নিতে পেরেছে। এর মধ্যে বিদেশী ৩০ জন, প্রতিটি দল ৬ জন বিদেশীকে সই করাতে পেরেছে।
নিলামের মাধ্যমে দল গঠন শেষ, এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। আগামী ৪ মার্চ শুরু হবে এ লিগের খেলা। এর মাত্র ছয়দিন আগে দক্ষিণ আফ্রিকায় শেষ হবে আইসিসি নারী টি২০ বিশ্বকাপ। নারী আইপিএল শেষ হবে ২৪ মার্চ, এর এক সপ্তাহ পরই শুরু হবে ছেলেদের আইপিএল। নারী আইপিএলে খেলা হবে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন (২০ হাজার দর্শক ধারণক্ষম) ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (৬০ হাজার দর্শক ধারণক্ষম)।
ফরম্যাট খুবই সোজা—প্রতিটি দল অন্য চার দলের সঙ্গে দু’বার করে খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল উঠবে প্লে-অফে। টেবিলের শীর্ষ দল সরাসরি উঠে যাবে ফাইনালে, আর দুই ও তিনে থাকা দুই দল এলিমিনেটর ম্যাচ খেলবে।










