অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছিলেন রেকর্ড ১১ শিরোপা জয়ের আশা নিয়ে। যদিও আজ শুক্রবার চোটে পড়ে জার্মান তারকা আলেক্সান্ডার জেরেভের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচই শেষ করতে পারেননি সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচ। প্রথম সেট ৬-৭ (৫-৭) গেমে হেরে যাওয়ার পর চোট নিয়ে কোর্ট ছাড়েন ১০ বারের চ্যাম্পিয়ন। ফলে অনেকটা বাধাহীনভাবেই ফাইনালে উঠে যান জেরেভ। আরেক সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বেন শেলডনকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার। তিনি জিতেছেন ৭-৬, ৬-২, ৬-২ গেমে।
মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজকে হারানোর পথে পায়ে চোট পান জোকোভিচ। সেই চোট নিয়ে সেমিফাইনালে খেলতে নামেন তিনি। তার পায়ের উপরিভাগ প্রায় পুরোটাই মোড়ানোল ছিল টেপ দিয়ে। যদিও ব্যর্থ আর লুকাতে পারেননি। ফলে খেলা শেষ করা হয়নি ৩৭ বছর বয়সী জোকারের।
এভাবে কোর্ট ছেড়ে বিমর্ষ জোকোভিচ বলেন, ‘মাংসপেশী ছিড়ে যাওয়ার পর আমি সেমিফাইনাল খেলে যেতে সম্ভাব্য সবকিছুই করেছি। কিন্তু প্রথম সেট শেষে আমি ক্রমেই তীব্র ব্যথা অনুভব করতে শুরু করি। এই ব্যথা নিয়ে খেলে যাওয়া সম্ভব ছিল না।’
জোকোভিচের একটি ভলি নেটে লাগলে সেট পয়েন্ট নিশ্চিত হয়ে যায় জেরেভের। তখন জোকোভিচ এগিয়ে গিয়ে জেরেভের সঙ্গে হাত মেলান। এরপর তিনি গ্যালারির দিকে ঘুরে দর্শকদের অভিবাদনের জবাব দেন। যদিও কিছু দর্শক ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নকে দুয়ো দিয়েছেন। এ নিয়ে সার্বিয়ান মিডিয়াকে জোকোভিচ বলেছেন, ‘কী বলব জানি না। তবে তারা টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে এসেছে, ফলে হতাশ হতেই পারে। অবশ্য আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না।’
এদিকে, সিনার ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে শিরোপা জয় করেন। তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা হাতছানি দিচ্ছে ২৩ বছর বয়সী ইতালিয়ানকে। রোববার আড়াইটায় ছেলেদের এককের ফাইনাল।










