মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়েছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। কানপুরে প্রথম টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র। ভারতের দেয়া ৫৪০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ চতুর্থ দিন দ্বিতীয় ইনংসে ১৬৭ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ভারতের হয়ে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব চারটি করে এবং অক্ষর প্যাটেল নেন একটি উইকেট।
দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ১৪০ রানে তৃতীয় দিন শেষ করেছিল কিউইরা। চতুর্থ দিন জয়ের জন্য প্রয়োজন ছিল ৪০০ রান। কিন্তু আজ ১১.৩ ওভারে মাত্র ২৭ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারায় অতিথিরা। তাতে একদিন হাতে রেখেই জয় নিশ্চিত হয়ে গেল ভারতের।
আগের দিন অপরাজিত থাকা হ্যানরি নিকোলস আজ ফেরেন ব্যক্তিগত ৪৪ রান। রাচিন রবিন্দ্রের ব্যাট থেকে আসে ১৮ রান। দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে সর্বোচ্চ ইনিংস ছিল ড্যারিল মিচেলের ৬০ রান। প্রথম ইনিংসে ভারতের ৩২৫ রানের জবাবে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ২৬৩ রানের লিড পায় স্বাগতিকরা। সফরকারীদের ফলোঅনের লজ্জায় না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। সাত উইকেটে ২৭৬ রান তুলে ইনিংস ঘোষণা দেন বিরাট কোহলি। সব মিলিয়ে ৫৩৯ রানের পুঁজি পায় ভারত। কিন্তু বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
এটি দেশের মাটিতে ভারতের টানা ১৪তম টেস্ট সিরিজ জয়। নিউজিল্যান্ডের কাছে ভারত ১৯৮৮ সালে শেষবার মুম্বাইয়ে টেস্টে পরাস্ত হয়েছিল। এরপর থেকে কিউইদের বিরুদ্ধে ১৫টি সাক্ষাতে অপরাজেয় ভারত। জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে প্রথম টেস্ট সিরিজ জিতলেন রাহুল দ্রাবিড়। মুম্বাই টেস্টে ব্যাট হাতে ১৫০ ও ৬২ রানের দুটি ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। দুই টেস্টে ৭০ রানের বিনিময়ে ১৪ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।










