পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ শেষ, এবার দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজ সামনে রেখে গতকাল সোমবার প্রথম টেস্টের দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা। এই দলে ডাক পেলেন ২১ বছর বয়সী ব্যাটার মাহমুদুল হাসান জয়। জাতীয় লিগে ভালো পারফর্ম করায় নির্বাচকরা তাকে জাতীয় দলের টিকিট দিলেন। এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন তিনি। টেস্ট দলে আরেক চমকের নাম ২২ বছর বয়সী পেসার রেজাউর রহমান রাজা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে এই দুজনই নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন। 

চোটের কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল। সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ শেষে এবার টেস্ট সিরিজেও তাকে দেখা যাবে না। টি২০ সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পাওয়ায় টেস্ট সিরিজে খেলা হবে না ফাস্ট বোলার তাসকিন আহমেদেরও। টেস্ট থেকে অবসর নেয়ায় দলে নেই মাহমুদউল্লাহও।  

স্বস্তির খবর সাকিব আল হাসানের দলে ফেরা। টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে চোট নিয়ে ছিটকে যান তিনি। এবার প্রথম টেস্টের স্কোয়াডে তাকে রেখেছেন নির্বাচকরা। তবে খেলতে হলে তাকে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে হবে। 

জয় ও রাজাকে দলে রাখা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, বয়সে তরুণ হলেও লংগার ভার্সনে জয় ভালো টেম্পারমেন্ট দেখিয়েছে। সে ফর্মেও রয়েছে। আর তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ইনজুরিতে পড়ায় রাজা সুযোগ পেয়ে গেল। 

দলের ভারসাম্য নিয়ে তিনি বলেন, মুমিনুল, মুশফিক, সাকিব ও মেহেদীকে দেখলে আপনি বুঝতে পারবেন যে দলে অভিজ্ঞতার ঘাটতি নেই। এখন দেখতে হবে সাকিব ফিট হয়ে উঠতে পারে কিনা। কিন্তু এসব খেলোয়াড় টেস্টের নিয়মিত পারফর্মার এবং তারা দলে থাকলে ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন। 

প্রথম টেস্টের বাংলাদেশ টেস্ট: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান,  মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান।