পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম দুঃসময় কাটিয়ে ক্রমেই স্বরূপে ফিরছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টিতে রোহিত শর্মাকে টপকে সবচেয়ে বেশি রানের মালিকানা পাওয়া এ ব্যাটার এবার ওয়ানডেতেও ফেরালেন পুরনো ফর্ম। পেলেন সেঞ্চুরিও। রাওয়ালপিন্ডিতে শুক্রবার ১০২ রানের ইনিংস খেলে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানকে ৮ উইকেটের জয় এনে দেন তিনি। এ জয়ের নায়ক বাবর আজম, যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৮৩ ইনিংস অপেক্ষার পর সেঞ্চুরি পেলেন। ওয়ানডে সেঞ্চুরিতে তিনি ছুঁয়ে ফেলেছেন পাকিস্তান গ্রেট সাঈদ আনোয়ারকে। দুজনেরই সেঞ্চুরি এখন সমান ২০টি।

২০০৩ সালে অবসর নেয়া সাঈদ আনোয়ার ২৪৭ ম্যাচ খেলে ২০টি সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে করেছেন ৮ হাজার ৮২৪ রান। বাবর আজমের ২০ সেঞ্চুরি করতে লেগেছে মাত্র ১৩৯ ম্যাচ। অর্থাৎ তার চেয়ে ১০৮ ম্যাচ বেশি খেলে ২০টি সেঞ্চুরি করেছেন সাঈদ আনোয়ার। ৫৩ দশমিক ৮৯ গড়ে ৬ হাজার ৪৬৭ রান করেছেন বাবর আজম।

বাবরের টেস্ট সেঞ্চুরি নয়টি ও টি-টোয়েন্টি সেঞ্চুরি তিনটি। সব মিলে তিন সংস্করণে তার মোট সেঞ্চুরি ৩২টি, সাঈদ আনোয়ারের সেঞ্চুরি ৩১টি। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি ইউনিস খানের, ৪১টি। টেস্টে ৩৪টি ও ওয়ানডেতে নয়টি সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া মোহাম্মদ ইউসুফের ৩৯টি ও ইনজামাম-উল-হকের ৩৫টি সেঞ্চুরি রয়েছে।

ওয়ানডেতে পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড ছুঁয়ে ফেললেও বিশ্বরেকর্ড থেকে অনেক দূরে বাবর। ৩০৫ ম্যাচে ৫১টি সেঞ্চুরি করে রেকর্ডধারী ভারতের বিরাট কোহলি। এরপরে আছেন শচীন টেন্ডুলকার (৪৯), রোহিত শর্মা (৩৩), রিকি পন্টিং (৩০), সনাথ জয়সুরিয়া (২৮) ও হাশিম আমলা (২৭)।