বামহাতি ব্যাটার কুশল পেরেরার দুর্দান্ত এক সেঞ্চুরিতে নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়েছে শ্রীলংকা। ২০০৬ সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের মাঠে যেকোনো ফরম্যাটে জয় পেল সিংহলিজরা।

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রানের সৌধ গড়ে শ্রীলংকা। কুশল পেরেরা ৪৬ বলে ১৩ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ১০১ রান করেন। অধিনায়ক চারিত আসালঙ্কা ২৪ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৪৬ রান করেন। পেরেরা ও আসালঙ্কা চতুর্থ উইকেটে ৪৫ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়েন।

জবাব দিতে নেমে কিউইরা ৭ উইকেটে ২১১ রান তুলতে সমর্থ হয়। রাচিন রবীন্দ্র (৩৯ বলে ৬৯) ও টিম রবিনসন (১৭ বলে ৩৭) উদ্বোধনী জুটিতে ৭.২ ওভারে ৮১ রান তুলে দেন। ১৫ ওভার পর্যন্ত জয়ের রেসে ভালোভাবেই ছিল তারা। এমনকি ড্যারিল মিচেল ১৫তম ওভারে আসলঙ্কাকে টানা চার বলে ছক্কা হাঁকালে এগিয়েও থাকে স্বাগতিক দলটি। ডেভ ওভারে সমীকরণ পাল্টে যায়। এ সময় দ্রুত কিছু উইকেট শিকার করে এগিয়ে যায় সিংহলিজরা। শেষ দিকে তাই জাকারি ফোকস (১৩ বলে ২১) প্রাণান্ত চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।

শেষ ম্যাচ হেরেও ২-১-এ সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ৫ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ২০ ওভারে ২১৮/৫। নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১১/৭। ফল: শ্রীলংকা ৭ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: কুশল পেরেরা (শ্রীলংকা)। প্লেয়ার অব দ্য সিরিজ: জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড)।