মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিপিএলের এলিমিনেটর ম্যাচে রোমাঞ্চকর
লড়াইয়ে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলে
বাংলাদেশের একঝাঁক তারকা খেললেও লড়াই জমিয়ে দিলেন মূলত দুই কারিবিয়ান। একদিকে
চ্যাডউইক ওয়ালটন,
অন্যদিকে
আন্দ্রে ফ্লেচার। ওয়ালটনের ৮৯ রানের বিস্ফোরক ইনিংসের কাছে ব্যর্থ হয়ে যায়
ফ্লেচারের ৮০ রানের হার না মানা ইনিংসটা।
মিরপুরের উইকেটে আজ ক্যারিবিয়ান দাপট বুঝতে একটি পরিসংখ্যানই যথেষ্ট।
ম্যাচে চট্টগ্রামের ১৮৯ ও খুলনার ১৮২ মিলে মোট রান উঠেছে ৩৭১। এর মধ্যে তিন
ক্যারিবিয়ান মিলে করেছেন ২০৮; দুই দলের বাকি সবাই মিলে করেছেন ১৬৩ রান!
ওয়ালটন ৪৪ বলে ৭ বাউন্ডারি ও ৭ ছক্কায় খেলেছেন ৮৯ রানের টর্নেডো ইনিংস।
৩২ বলে ৩৯ রান করে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ক্যারিবিয়ান কেনার লুইস। ৩৫ বলে
৩৮ রানের জুটি গড়েছেন এ দুই ক্যারিবিয়ান। ওয়ালটন অবশ্য মেহেদী হাসান মিরাজের সঙ্গে
৫৮ বলে ১১৫ রানের যে জুটিটি গড়েছেন সেটিই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে।
ওয়ালটনের বিধ্বংসী ব্যাটিংই চট্টগ্রামকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এনে
দেয় ৫ উইকেটে ১৮৯ রানের সৌধ, যা টপকাতে পারল না খুলনা। এমনটি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফ্লেচারের
দুর্দান্ত এক ইনিংসও খুলনাকে তীরে পৌঁছে দিতে পারেনি। ওপেনিংয়ে নেমে ৫৮ বলে ৬
বাউন্ডারি ও ৪ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকেও দলকে জেতাতে
পারলেন না ফ্লেচার। মুশফিকুর (২৯ বলে ৪৩) ও ইয়াসির আলী (২৪ বলে ৪৫) দারুণ সাপোর্ট দিলেও অন্যদের ব্যর্থতায় শেষ হাসি হাসা হলো
না টাইগারদের।
কাগজে-কলমে চট্টগ্রামের কাছে খুলনার হার
লেখা থাকলেও মিরপুরে আজ মূলত মঞ্চস্থ হলো এক ‘ক্যারিবিয়ান শো’ যাতে ৩৬ বছর বয়সী ওয়ালটনের কাছে হারলেন ৩৪ বছর বয়সী ফ্লেচার।










