চট্টগ্রাম টেস্টে অভিষেক ম্যাচ খেলা জাকির হাসান চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়েন। ওই ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন এই বামহাতি ব্যাটার। এবার ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টেও দলের বিপদে হাল ধরেন তিনি। আজ স্বাগতিকদের ৪ উইকেট পতনের পর লড়াকু এক হাফসেঞ্চুরি করে দলকে টানেন তিনি। যদিও ব্যক্তিগত ৫১ রান করে তিনি ফিরে গিয়েছেন সাজঘরে। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩ ওভারে ৫ উইকেটে ১০২ রান। বাংলাদেশের লিড দাঁড়ায় ১৫ রানের। লিটন কুমার দাস ১৫ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে ব্যাট করছিলেন।

 

এর আগে শুক্রবার প্রথম ইনিংসে ভারতকে ৩১৪ রানে অলআউট করার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। দুই বামহাতি স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান উভয়ই চারটি করে উইকেট নিয়ে স্বাগতিকদের লড়াইয়ে রাখেন। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড পায় সফরকারীরা।

 

সন্ধ্যায় বাংলাদেশ ৬ ওভার টিকে থেকে বিনা উইকেটে ৭ রান তুলে নেয়ায় লিড কমে দাঁড়ায় ৮০ রানে। নাজমুল হোসেন শান্ত ৫ ও জাকির হাসান ২ রানে অপরাজিত ছিলেন। আজ সকালের সেশনেই শান্ত (৫), মুমিনুল হক (৫), সাকিব আল হাসান (১৩) ও মুশফিকুর রহিমের (৯) উইকেট হারায় বাংলাদেশ।  দ্বিতীয় সেশনে আউট হন জাকির। ১৩৫ বল খেলে ৫ বাউন্ডারির সাহায্যে ৫১ রান করে তিনি উমেশ যাদবের শিকার হন।