২০২২-২৩ মৌসুমের নজিরবিহীন শীতকালীন দলবদলের শেষদিন ভাঙল ব্রিটিশ রেকর্ড। এদিন পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ১০৭ মিলিয়ন পাউন্ডে ২২ বছর বয়সী এনজো ফার্নান্দেজকে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ব্রিটিশ রেকর্ড ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে (প্রায় ১৪০০ কোটি টাকা) দলভুক্ত করেছে চেলসি। এখন তিনিই ব্রিটেন ও আর্জেন্টিনা ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়।
শীতের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সম্মিলিত সর্বোচ্চ ব্যয় হয়েছে রেকর্ড ৮১ কোটি ৫০ লাখ পাউন্ড। এর মধ্যে দলবদলের শেষদিনই খরচ হয়েছে ২৭ কোটি ৫০ লাখ পাউন্ডেরও বেশি। এর আগে শেষদিন সর্বোচ্চ ১৫ কোটি পাউন্ড খরচের রেকর্ড হয়েছিল ২০১৮ সালে, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৫০ লাখ পাউন্ডে। অর্থাৎ শেষদিন বেড়েছে ৮৩ শতাংশ। ডেলোয়েটের তথ্যমতে, আগের মৌসুমের শীতকালীন দলবদলে ব্যয় হয়েছিল ২৯ কোটি ৫০ লাখ পাউন্ড, এবার তার প্রায় তিন গুণ! ২০১৮ সালে শীতকালীন দলবদলে মোট ৪৩ কোটি পাউন্ড খরচ হয়েছিল।
গত সেপ্টেম্বরে শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে রেকর্ড ১৯০ কোটি পাউন্ড খরচ করে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এরপর শীতেও রেকর্ড হলো। গ্রীষ্ম ও শীত মিলে এক মৌসুমের দলবদলে আগের রেকর্ডের (১৪০ কোটি পাউন্ড) চেয়ে প্রায় দ্বিগুণ ব্যয় হয়েছে এবার।
সব সময়ের মতো ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে আধিপত্য করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। পাঁচ লিগ মিলে যা খরচ হয়েছে তার মধ্যে ৭৯ শতাংশই করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের মধ্যে সর্বোচ্চ ২৮ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ করেছে চেলসি। এটি আবার বুন্দেসলিগা, লা লিগা, সিরি-এ ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের সম্মিলিত খরচের চেয়েও বেশি!
শীতকালীন দলবদলের সবচেয়ে বড় চমক এনজো। তরুণ এ মিডফিল্ডার কাতার বিশ্বকাপে করেছেন মাত্র একটি গোল। তবু হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পেছনে অমূল্য অবদানেরই পুরস্কার পান তিনি। আলবিসেলেস্তেদের প্রতিটি জয়েই তার অবদান ছিল অনস্বীকার্য। ফ্রন্টলাইনে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের নিরলস বল সাপ্লাই দিয়ে গেছেন তিনি।
মঙ্গলবার রাতে শীতকালীন দলবদলের শেষদিন এ চমক দেখায় ব্লুজরা। বেনফিকা এক বিবৃতিতে জানায়, এনজোকে নিয়ে চেলসির সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছে তারা।
বিস্ময়কর উত্থানই এনজোর। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিলেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের খেলোয়াড়। মাঝে ধারে খেলেছেন ডিফেনসা জাস্টিসিয়ায়। গত জুনে ৮৮ লাখ পাউন্ডে তাকে সই করায় বেনফিকা। সাত মাসের ব্যবধানে তার দুনিয়াটাই বদলে গেল। লন্ডন জায়ান্টরা তাকে রেকর্ড দামে কিনে নেয়ায় লাভবান হলো পর্তুগিজ ক্লাবটিও। তারা সাত মাসের মধ্যে প্রায় দশগুণ বেশি দামে তাকে বিক্রি করল!
বিশ্বে দামি খেলোয়াড়ের তালিকায় এনজো এখন ৭ নম্বরে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন পাউন্ডে নেইমারকে কিনে রেকর্ড গড়ে পিএসজি, যা এখনো টিকে আছে। এছাড়া কিলিয়ান এমবাপ্পে (১৬৬ মিলিয়ন পাউন্ড), ফিলিপ্পে
কুতিনহো (১৪২ মিলিয়ন পাউন্ড), ওসমান
দেম্বেলে (১৩৫ মিলিয়ন পাউন্ড), হোয়াও
ফেলিক্স (১১৩ মিলিয়ন পাউন্ড), আতোয়াঁ
গ্রিজম্যান (১০৭ মিলিয়ন পাউন্ড) ও এনজো ফার্নান্দেজ (১০৭ মিলিয়ন পাউন্ড) রয়েছে অভিজাত ক্লাবে ওপরের দিকে।
ডেলোয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের লিড পার্টনার টিম ব্রিজ বলেন, ‘প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এ মৌসুমে যে রেকর্ড ব্যয় করল তা আমরা অতীতে কখনো দেখিনি। এবারের দলবদলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য লিগগুলোর চেয়ে অনেক বেশি ব্যয় করে শীর্ষ মেধাবী খেলোয়াড়দের আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে।’
ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যে এবার সর্বোচ্চ ব্যয় করেছে চেলসি। এ পথে এনজোকে কিনে ব্রিটিশ রেকর্ডও গড়েছে তারা। ২০২১ সালে জ্যাক গ্রিয়ালিশকে ১০০ মিলিয়ন পাউন্ডে কিনে রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার সিটি, এবার সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ল ব্লুজরা।
এবারের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন হোয়াও ক্যানসেলো। আপাতত তাকে ধারে নিয়েছে বাভারিয়ানরা, এরপর ৭০ মিলিয়ন ইউরোয় কেনার ‘অপশন’
রয়েছে।
গত বছর মে মাসে ৪২৫ কোটি পাউন্ডে এক কনসোর্টিয়ামের কাছে বিক্রি হয়ে যাওয়ার পরই দলবদলে আধিপত্য করছে চেলসি। জানুয়ারিতে আট খেলোয়াড়ের পেছনেই তারা ব্যয় করেছে অন্তত ৩০ কোটি পাউন্ড। এনজো ফার্নান্দেজকে কেনার মধ্য দিয়ে আরেকটি দলবদল মৌসুম শেষ করল চেলসি। আর্জেন্টাইন তারকার পাশাপাশি জানুয়ারির শুরুর দিকে শাখতার দোনেত্স্ককে ৮৯ মিলিয়ন পাউন্ডে ইউক্রেনিয়ান ফরোয়ার্ড মিখাইল মুদ্রিককে কিনেছে তারা। এছাড়া মালো গুস্তোকে ৩ কোটি পাউন্ডে, বেনো বাদিয়াশিলিকে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে, ননি মাদুয়েকেকে ৩ কোটি পাউন্ডে, আন্দ্রেই স্যান্টোসকে ১ কোটি ৮০ লাখ পাউন্ডে ও ডেভিড ফোফানাকে ৮০ লাখ পাউন্ডে দলভুক্ত করেছে ব্লুজরা। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে পতুগিজ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্স স্ট্যামফোর্ড ব্রিজে গিয়েছেন ধার চুক্তিতে, তার জন্য চেলসির খরচ পড়বে ১১ মিলিয়ন ইউরো।










