নতুন বছরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকার তারুণ্যনির্ভর দলের কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এবার অতিথিরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারল এক ম্যাচ বাকি থাকতেই!
পূর্ণ শক্তির ভারতীয় দলকে কোনো সুযোগই দেয়নি প্রোটিয়ারা। প্রথম ম্যাচে ৩১ রানে ও দ্বিতীয়টিতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। জয়ের কোনো সম্ভাবনাও জাগাতে পারেনি ভারত। আজ কেপটাউনে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও পেতে পারে লোকেল রাহুলের দল। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।
অধিনায়ক রোহিত শর্মা না থাকায় দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই হার দেখলেন রাহুল।
এদিকে দলের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাদাকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে নেই এনরিচ নরকিয়াও। টেস্টে দুর্দান্ত বোলিং করা মার্কো ইয়ানসেনও নেই। লুঙ্গি এনগিদি, সিসান্দা মাগালা ও আন্দিলে ফেলুকায়োকে নিয়ে পেস বোলিং আক্রমণ সাজিয়েছে প্রোটিয়ারা। দ্বিতীয় সারির এই বোলিং লাইনআপ দিয়েই বাজিমাত করেছে স্বাগতিকরা। অন্যদিকে জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও শার্দূল ঠাকুরদের মতো বোলার ভারতের। সঙ্গে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল আছেন স্পিন আক্রমণে। এর পরও লড়াই করতে পারছে না সফরকারীরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত দল দুটি ১১টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। যেখানে উভয় দলই পাঁচটি করে সিরিজ জিতেছে। একটি সিরিজ ২-২ ড্র হয়। দক্ষিণ আফ্রিকায় কখনো টেস্ট সিরিজ না জিতলেও একবার ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। ক্রিকইনফো










