বুলাওয়েতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে লজ্জায় ডুবাল পাকিস্তান। স্বাগতিক দলটিকে ৫৭ রানে অলআউট করার পর মাত্র ৫.৩ ওভারে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা।

বামহাতি স্পিনার সুফিয়ান মুকিম মাত্র ৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে জিম্বাবুয়েকে ধ্বংসস্তুপে পরিণত করেন। এছাড়া আব্বাস আফ্রিদি ২ রানে ২টি উইকেট নেন। ১২.৪ ওভারে অলআউট হয়ে যায় সিকান্দার রাজার দল। জিম্বাবুয়ের টি-টোয়েন্টির ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ব্রায়ান বেনেট সর্বোচ্চ ২১ রান করেন। রান তাড়া করতে নেমে সাইম আইয়ুব (১৮ বলে ৩৬*) ও ওমায়ের ইউসুফের (১৫ বলে ২২) ব্যাটে ভর করে দাপটে জিতেছে পাকিস্তান।

দুই দল মিলে করেছে ১১৮ রান, যা পাকিস্তান ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন সম্মিলিত সংগ্রহ।

পাকিস্তানের অবিশ্বাস্য এই জয়ের ম্যাচে ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী স্পিনার সুফিয়ান মুকিম। ২.৪ ওভারে ৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যা পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং ফিগার। ২০০৯ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন পেসম্যান উমর গুল।

সিরিজে ২-০তে এগিয়ে রয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।