বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিন ম্যাচ শেষে ১-১-এ সমতা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হচ্ছে মেলবোর্ন টেস্ট। এই ম্যাচটি জিতলে বর্ডার-গাভাস্কার সিরিজের ট্রফি ধরে রাখতে সমর্থ হবে, সেক্ষেত্রে শেষ ম্যাচে হারলেও সমস্যা নেই।
দুই দলের সমান একটি করে জয় আর মাঠের বাইরের নানা বিতর্ক ও আলোচনা মেলবোর্নে বক্সিং ডে টেস্ট উত্তেজনার পারদকে করছে উর্ধ্বমুখী। আবার এক দশকের মধ্যে প্রথমবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে স্বাগতিক অজিদের জিততেই হবে। মেলবোর্নে জিতলে এরপর ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টের ফলও তাদের পক্ষে যেতে হবে। প্যাট কামিন্সরা তাই সর্বশক্তি দিয়েই নামছে।
এর আগের চারটি বর্ডার-গাভাস্কার ট্রফির মধ্যে চারটিই জিতেছে ভারত। এর মধ্যে দুটি ভারতে ও দুটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের শুরুর দিকে হোম সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১-এ হারায় ভারতীয়রা। এছাড়া ২০১৯ ও ২০২১ সালে টানা দুবার অস্ট্রেলিয়ার মাঠ থেকে ২-১-এ টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখান বিরাট কোহলি, রোহিত শর্মারা। টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের উৎসব করতে পারবে কি গৌতম গম্ভীরের দল?
ভারত হারলে তাদের জন্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার কাজটা কঠিন হয়ে পড়বে। বর্তমানে ১৬ ম্যাচে ৫৫.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে রোহিত শর্মার দল। দক্ষিণ আফ্রিকা ১০ ম্যাচে ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে ও অস্ট্রেলিয়ার ১৪ ম্যাচে ৫৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।
মাত্র ১১টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন ১৯ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার স্যাম কন্টাস। তার অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছে অজিরা। ইনজুরিতে পড়া জস হ্যাজেলউডের জায়গা নিচ্ছেন স্কট বোল্যান্ড। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন ট্রাভিস হেডও।
ভারতীয় একাদশে রোহিত শর্মার ব্যাটিং পজিশন কোথায়, তা যেন রহস্যেই আবৃত থাকছে। তিনি এখনো নিশ্চিত করেননি, পরের টেস্টে কোন পজিশনে খেলবেন। তবে আগের টেস্টের ওপেনিং জুটি হয়তো ভাঙছে না অতিথিরা। জয়শ্বী জয়সোয়াল ও লোকেল রাহুলই কাল ভোরে ওপেন করতে নামতে পারেন।
৮ নম্বর পজিশনে নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে তাকে খেলানো হবে, আজ পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি।
আর ছয়টি উইকেট পেলেই টেস্টে ৪৪ ম্যাচে ২০০ উইকেটের মালিক হবেন জশপ্রীত বুমরাহ, যিনি চলতি সিরিজে তিন ম্যাচে সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেছেন। রবীন্দ্র জাদেজাও ৪৪ ম্যাচে ২০০ উইকেট নিয়েছেন। ৩৭ ম্যাচে ২০০ উইকেট শিকার করে ভারতীয়দের মধ্যে দ্রুততম সদ্য অবসর নেয়া রবিচন্দ্র অশ্বিন।










