গত আইপিএলে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের বিনিয়োগ অবশ্য বিফল হয়নি। গত আসরে কলকাতা শিরোপা জিতে নিয়েছে, সেখানে সেমিফাইনাল ও ফাইনালে মূল্যবান অবদান রাখেন স্টার্ক।
যদিও ২০২৫ সালের আইপিএল সামনে রেখে বিদেশিদের পেছনে ছুটছে না ফ্র্যাঞ্চাইজিগুলো, তারা বরং ভারতীয় খেলোয়াড়দের পেছনেই বেশি বিনিয়োগের নীতি গ্রহণ করেছে। রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া নিলামে আজ সোমবার দ্বিতীয় দিন বেলা সাড়ে ৫টা পর্যন্ত শীর্ষ ব্যয়বহুল ৫ খেলোয়াড়ই ভারতের!
রোববার ঋষভ পন্তকে রেকর্ড ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্ট। তাকে কেনার ৩০ মিনিট আগে আরেক ভারতীয় শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে রেকর্ড গড়েছিল পাঞ্জাব কিংস। যদিও কিছুক্ষণ পর রেকর্ডটি হাতছাড়া হয় প্রীতি জিনতার দলের।
এই দুজনের বাইরে ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স, পেসার অর্শদীপ সিংকে ১৮ কোটিতে পাঞ্জাব ও যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি একই দল কিনে নেয়।
এখন পর্যন্ত ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে ব্যয়বহুল বিদেশি হিসেবে ইংল্যান্ডের জস বাটলারকে কিনেছে গুজরাট টাইটান্স। এছাড়া লোকেল রাহুলকে ১৪ কোটিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস, ট্রেন্ট বোল্টকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স, একই দামে জোফরা আর্চারকে রাজস্থান রয়্যালস, জস হ্যাজেলউডকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছে।
আফগানিস্তানের ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ গজনফরকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতের পেসার দীপক চাহারকে ৯ কোটি ২৫ লাখে কিনেছে মুম্বাই। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার সানরাইজার্সের অধ্যায় শেষ করে এবার খেলবেন বেঙ্গালুরুতে। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে বিরাট কোহলির দল।
এখন পর্যন্ত বাংলাদেশের কেউ দল পাননি।










