টি২০ সিরিজের পর এবার ওয়ানডে সিরিজেও সফরকারী
শ্রীলংকাকে হারাল ভারত। কলকাতার ইডেন গার্ডেনসে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে
সিংহলিজদের ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নেয় রোহিত
শর্মার দল।
আগে ব্যাটিং করে ২১৫ রানে অলআউট হয়ে যায় দাসুন
শানাকার দল। নুয়ানিদু ফার্নান্দো সর্বোচ্চ ৫০ রান করেন ৬৩ বলের মোকাবেলায়। ভারতের
মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব সমান তিনটি করে উইকেট নেন। উমরান মালিক নেন দুটি
উইকেট।
অবশ্য অল্প পুঁজি নিয়েও ভারতকে সহজে জিততে দেয়নি
সিংহলিজরা। পেসার কাসুন রাজিথা (১/৪৬), লাহিরু কুমারা (২/৬৪) ও চামিকা করুনারত্নে (২/৫১) দুর্দান্ত বোলিং করে চাপে রাখেন ভারতকে। ৪১ রানের মধ্যে ভারতের দুই
ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে সাজঘরে ফেরায় অতিথিরা। আগের ম্যাচের
সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে (৪) আজ দ্রুতই আউট করার সফলতা দেখায় সিংহলিজ
বোলাররা। দলীয় ৮৬ রানে বিদায় নেন শ্রেয়াস আইয়ারও।
অবশ্য এরপর হার্দিক পান্ডিয়াকে নিয়ে লোকেশ রাহুল
১১৯ বলে ৭৫ রানের জুটি গড়ে ভারতকে নিরাপদে নিয়ে যান। দলীয় ১৬১ রানের মাথায়
পান্ডিয়া (৩৬) আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত লোকেশের ব্যাটে জয়
নিয়ে মাঠ ছাড়ে ভারত। অক্ষর প্যাটেলকে নিয়ে ৩০ ও কুলদীপকে নিয়ে ২৮ রান যোগ করেন
লোকেশ। ১০৩ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি।
রোববার কেরালার গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল
স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত ২-০তে এগিয়ে থাকায় তৃতীয়
ম্যাচটি রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়।










