লা লিগায় ২৯ রাউন্ড শেষে বার্সেলোনার চেয়ে
১১ পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামলেই
রিয়াল যেন অন্য কোনো এক দল। চ্যাম্পিয়ন্স লিগের ‘রাজা’খ্যাত এই দলটি রেকর্ড ১৫তম
ইউরোপিয়ান শিরোপার পথে দুর্বার গতিতে ছুটছে। মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে
২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৪-০ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠল কার্লো
অ্যানচেলত্তির দল।
পরিসংখ্যানই বলে দেবে, ইউরোপে কতটা অপ্রতিরোধ্য
রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ১৩ মৌসুমের মধ্যে ১১ বারই তারা উঠল সেমিফাইনালে!
স্যান্টিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার
ফাইনালের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে থাকে
রিয়াল। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে লেগেও রিয়ালের সঙ্গে পেরে উঠল না
মানসিকভাবে বিধ্বস্ত চেলসি। ব্লুজরা আবার কবে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, সেটি এখন
অনিশ্চিত। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তারা রয়েছে ১১তম স্থানে। তার মানে, আগামী
মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, ইউরোপা লিগেও অনিশ্চিত লন্ডন জায়ান্টরা।
ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগোর জোড়া গোলে
সহজ জয় পায় রিয়াল। উজ্জীবিত চেলসি প্রথমার্ধে, বিশেষ করে ম্যাচের প্রথম এক ঘণ্টায়
দারুণ ফুটবল খেলে রিয়ালকে গোলবঞ্চিত রাখে। ৫৮ মিনিটে ডেডলক ভাঙেন রদ্রিগো। এরপর ৮০
মিনিটে তার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের। এর মধ্য দিয়ে টানা
চার ম্যাচে হারলেন চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাংক ল্যাম্পার্ড।
সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের সামনে পড়বে
ম্যানচেস্টার সিটি কিংবা বায়ার্ন মিউনিখের মধ্যে এক দল। আজ বুধবার রাতে মিউনিখে
দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুটি দল। প্রথম লেগে ৩-০ গোলের জয় পায় সিটি।
সেমিফাইনাল নিশ্চিত করার পর রিয়াল কোচ
অ্যানচেলত্তি বলেন, ‘আমরা সেমিফাইনালের জন্য তৈরি।’
উল্লেখ্য, গতবারের সেমিফাইনালের পুনরাবৃত্তি
ঘটতে পারে এবার। গতবার বার্নাব্যুতে যোগ করা সময়ে দুই গোল করে সমতা আনার পর
অতিরিক্ত সময়ে খেলায় আরেক গোল করে জয় পায় রিয়াল। দুই লেগ মিলে তাদের জয় ছিল ৬-৫
গোলের।
ইতিহাসের একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন্স
লিগ শিরোপা ধরে রাখার কীর্তি আছে রিয়ালের। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিনবার
তারা শিরোপা জয় করে। আবার টানা শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে মাদ্রিদ
জায়ান্টদের। ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা ও রদ্রিগোর সমন্বয়ে তৈরি রিয়ালের
ফ্রন্টলাইনই এখন ইউরোপের সেরা হিসেবে ধরা হচ্ছে। কাজেই ১৫তম শিরোপার স্বপ্ন দেখতেই
পারে রিয়াল।
এদিকে, ২০০৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ইতালির এসি মিলান। ২০০৭ সালেই সর্বশেষ ইউরোপিয়ান মুকুট জয় করে তারা। মঙ্গলবার নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেও শেষ চারের টিকিট পায় এসি মিলান। সিরি-এ লিগ লিডার নাপোলি শুরুতে আধিপত্য করলেও দারুণ এক আক্রমণে পেনাল্টি আদায় করে এসি মিলান। যদিও দুর্ভাগ্যজনকভাবে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন অলিভিয়ার জিরু। ৪৩ মিনিটে ফরাসি স্ট্রাইকারের গোলেই লিড নেয় মিলান। লিগে চতুর্থ বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করলেন ৩৬ বছর বয়সী এই ফরওয়ার্ড। যোগ করা সময়ে ভিক্টর অসিমেন সমতা আনলেও তা নাপোলির জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২-১ গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠেছে এসি মিলান।
অল-ইতালিয়ান সেমিফাইনাল আসন্ন। আরেক কোয়ার্টার
ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-০ গোলে জিতেছে ইন্টার মিলান।
স্যান সিরোয় আজ কোনো অঘটন না হলেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মিলান ক্ল্যাসিকোর
দেখা মিলছে।










