দশম বাংলাদেশ প্রিমিয়ার
লিগে (বিপিএল) সবার আগে ফাইনালে নাম লেখাল বর্তমান চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ চারবারের
শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সোমবার রাতে প্রথম
কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারায় লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
কুমিল্লার বিপক্ষে বিপর্যয়
কাটিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৫ রান তুলতে সমর্থ হয় রংপুর। নিউজিল্যান্ডের অলরাউন্ডার
জেমস নিশাম ৪৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে রংপুরকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।
যদিও রংপুরের বোলাররা এই রানগুলোকে পুঁজি করে দলকে জয় এনে দিতে ব্যর্থ।
টস হেরে ব্যাটিং করতে
নামা রংপুর ২৭ রানের মধ্যেই হারায় তিন উইকেট। একে একে সাজঘরের পথ ধরেন শামীম হোসেন,
রনি তালুকদার ও সাকিব আল হাসান। এরপর দেয়াল হয়ে দাঁড়ান নিশাম। শেখ মেহেদী হাসানকে নিয়ে
২৬ বলে ৩৯, নিকোলাস পুরানকে নিয়ে ২৪ বলে ৩৮, নুরুল হাসানকে নিয়ে ৩৬ বলে ৫৩ ও মোহাম্মদ
নবিকে নিয়ে ৬ বলে ২৮ রান যোগ করে তিনি দলের সংগ্রহটা ভদ্রস্থ করেন।
চট্টগ্রামে রাউন্ড রবিন
লিগের শেষ ম্যাচে নিশাম করেছিলেন ৪২ বলে ৬৯ রান। আজ তিনি আরো বিস্ফোরক ইনিংস খেললেন।
৮ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৯৭ রান করেন কিউই টি২০ স্পেশালিস্ট। শেষ বলে বাউন্ডারি মারতে
পারলেই সেঞ্চুরি পূর্ণ হতো তার। যদিও মুশফিক হাসানের করা ওই ওভার থেকে ২৮ রান সংগ্রহ
করেন তিনি ও নবি। নিশামের আগ্রাসী ব্যাটিংয়ের মুখে পড়েই মুশফিক হাসান ৪ ওভারে ৭২ রান
দিয়েছেন।
নুরুল ২৪ বলে ৩০, মেহেদী
১৭ বলে ২২ ও পুরান ৯ বলে ১৪ রান করেন।
রান তাড়া করতে নেমে ফজলহক
ফারুকির প্রথম বলেই সুনিল নারাইন আউট হয়ে যান। যদিও তাতে বিন্দুমাত্র কাঁপেনি কুমিল্লা।
দুই দেশি তারকা লিটন দাস ও তাওহিদ হৃদয় ৮৯ বলে ১৪৩ রানের অনবদ্য এক পার্টনারশিপ গড়ে
কুমিল্লাকে জয়ের কাছাকাছি নিয়ে যান। লিটন ৫৭ বলে ৯ চার ও ৪ বাউন্ডারিতে ৮৩ এবং তাওহিদ
৪৩ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ রান করে দিলে বড় জয় নিশ্চিত হয় কুমিল্লার।
এই জয়ে সরাসরি ফাইনালে
উঠে গেল কুমিল্লা। ১ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার
ম্যাচে। ওই ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও ফরচুন বরিশাল। আজ এলিমিনেটর ম্যাচে বরিশাল
হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।










