ওয়াটফোর্ডের মাঠে কর্তৃত্ব করে ৩-১ গোলের জয় তুলে নিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে কোচ পেপ গার্দিওলা বলেছেন, তার দল চলতি মৌসুমে পারফরম্যান্সের শিখরে পৌঁছেছে।

ফিল ফডেনের ক্রসে মাথার সংযোগ ঘটিয়ে চতুর্থ মিনিটেই সিটিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং। এরপর পর্তুগিজ তারকা বার্নাদো সিলভার জোড়া গোল সিটির জয় নিশ্চিত করেন। কুচো হার্নান্দেজ ৭৪ মিনিটে একটি গোল পরিশোধ করলেও তা ওয়াটফোর্ডের জন্য ছিল কেবলই সান্ত্বনার।

এ জয়ের পর চেলসিকে হটিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় ম্যানসিটি। অবশ্য এজন্য চেলসির হারও দায়ী। সিটিজেনরা মাঠে নামার আগেই ওয়েস্ট হামের মাঠে ২-৩ গোলে হেরেছে টমাস টুখেলের দল। শনিবার আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে লিভারপুলকে জিতিয়েছেন ডেভিড ওরিগি। 

১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি, লিভারপুলের ঝুলিতে ৩৪, আর চেলসি ৩৩ পয়েন্ট নিয়ে নেমেছে তিনে।

এদিকে জার্মানির দুই সেরা দলের লড়াই ‘দার ক্লাসিকার’ জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকে ৩-২ ব্যবধানে জিতিয়েছেন রবার্ট লেভানদভস্কি। বাভারিয়ানদের হয়ে আরেকটি গোল করেন কিংসলে কোমান। অন্যদিকে বরুশিয়ার পক্ষে দুটি গোল করেন জুলিয়ান ব্রান্ট ও আর্লিং ব্রাউট হালান্ড। ১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন, সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া।

স্প্যানিশ লা লিগায় জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ভিনিসিয়ুস জুনিয়র ৪৭ মিনিটে ও লুকা জোভিক ৫৭ মিনিটে গোল করে রিয়ালকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন।  

রিয়ালের আগে মাঠে নেমে এদিন হারের স্বাদ পেয়েছে বার্সেলোনা। কাতালানরা ঘরের মাঠে হেরেছে রিয়াল বেতিসের কাছে। জাভি হার্নান্দেজ দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোনো ম্যাচে হারল বার্সা।

১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল, সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। বার্সা ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে।

ইতালিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি স্থানে রয়েছে এসি মিলান ও ইন্টার মিলান। শনিবার এসি মিলান ২-০ গোলে সালেরিনতানাকে ও ইন্টার মিলান ৩-০ গোলে রোমাকে হারায়। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান, সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান।