আগামী দুই বছরের জন্য বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট স্বত্ব লাভ করেছে টিএসএম। আইসিসি শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। নাগরিক টিভি ও বাংলালিংকের মাধ্যমে দর্শকের কাছে বৈশ্বিক আসরের খেলাগুলো পৌঁছে দেবে টিএসএম। চুক্তিটা ২০২৫ সালের শেষ পর্যন্ত। এ সময় পুরুষ ও নারীদের মোট ছয়টি মেগা ইভেন্ট রয়েছে।
টিএসএমের সঙ্গে আইসিসির চুক্তিকালীন ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ এলারডাইচ এই চুক্তি নিয়ে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ অঞ্চলে আইসিসির ক্রিকেট স্বত্ব দেয়া হয়েছে টিএসএমকে। এ অঞ্চলে রয়েছে ক্রিকেটের বিশাল ও ক্রিকেট অনুরাগী সমর্থক। এ বছর শেষের দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আশা করি, এ আসরের মধ্য দিয়ে নারীদের ক্রিকেট আরো জনপ্রিয় হবে এবং নতুন সম্প্রচার সহযোগীর হাত ধরে নতুন সমর্থক গোষ্ঠীও তৈরি হবে।’
টিএসএম সিইও মঈনুল হক চৌধুরী বলেন, ‘আগামী দুই বছরের জন্য আইসিসির ব্রডকাস্ট ও ডিজিটাল স্বত্ব পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে ক্রিকেটের বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। আমরা নাগরিক টিভি ও ডিজিটাল পার্টনার বাংলালিংকের মাধ্যমে দর্শকের চাহিদা পূরণের চেষ্টা করব।’










