চলমান অ্যাশেজ সিরিজে ব্রিসবেনের পর এবার অ্যাডিলেড টেস্টেও বড় হারের মুখে পড়েছে সফরকারী ইংল্যান্ড। ৪৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৮২ রান নিয়ে আজ চতুর্থ দিন মাঠ ছাড়ে ইংলিশরা। এই ম্যাচ বাঁচাতে জো রুটের দলকে কাল সোমবার পুরো পঞ্চম দিন কাটিয়ে দিতে হবে; তাদের হাতে আছে ৬ উইকেট। আর সিরিজে ২-০তে এগিয়ে যেতে স্টিভ স্মিথের দলকে তুলে নিতে হবে অতিথিদের বাকি ৬টি উইকেট।
১ উইকেটে ৪৫ রান নিয়ে আজ চতুর্থ দিন ব্যাটিং করতে নামা মার্নাস লাবুশেন (৫১) ও ট্রাভিস হেডের (৫১) হাফসেঞ্চুরিতে ভর করে অজিরা ৯ উইকেটে ২৩০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এতে ৪৬৮ রানের বিশাল টার্গেটের মুখে পড়ে অতিথি দলটি।
রান পাহাড়ের নিচে চাপা পড়া ইংলিশদের আরো চাপে ফেলে দেন শূন্য রানে সাজঘরে ফেরা হাসিব হামিদ। ঝাই রিচার্ডসনের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন তিনি। এরপর ডেভিড মালান ও ররি বার্নস ৪৪ রান যোগ করেন। মালানকে (২০) ফিরিয়ে এই জুটি ভাঙেন মাইকেল নেসের।
এরপর বার্নস ও বেন স্টোকসকে নিয়ে দুর্দান্ত লড়াই করছিলেন দলনায়ক জো রুট। যদিও একটি সময় থাকতে হয় তাকে। বার্নস ৩৪ রান করে রিচার্ডসনের শিকার হন। রুট বিদায় নেন ব্যক্তিগত ২৪ রানে। আউট হওয়ার আগে বার্নসকে নিয়ে ৫৯ বলে ২২ ও স্টোকসকে নিয়ে ৭৪ বলে ১২ রান করেন রুট। তার বিদায়ের পরই দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা। ক্রিকইনফো










