অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি এর আগে দলটির সহকারী ও ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এবার তার ঘাড়ে পুরোপুরি দায়িত্ব তুলে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তিন সংস্করণে চার বছরের চুক্তিতে এই দায়িত্ব নিচ্ছেন সাবেক অজি অলরাউন্ডার।
গত ফেব্রুয়ারিতে জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর থেকে কোচের সন্ধানে ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি পাকিস্তান সফরে ম্যাকডোনাল্ড ছিলেন ভারপ্রাপ্ত কোচ। সফরে ১-০ তে টেস্ট সিরিজ জয় করে অজিরা। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও একমাত্র টি-টোয়েন্টিও জিতে নেয় অস্ট্রেলিয়া।
খেলেয়াড়ী জীবন বেশ সমৃদ্ধ নয় পেস বোলিং অলরাউন্ডার ম্যাকডোনাল্ডের। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র চারটি টেস্ট মাচ খেলেছেন। এছাড়া আর কোনো সংস্করণের পোশাক পরা হয়নি তার। প্রথম শ্রেণির ক্রিকেটে রান করেছেন ৪ হাজার ৮২৫ রান, উইকেট ২০১টি। ২০১৬ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি।
২০১৯ সালের অক্টোবরে জাতীয় দলে ল্যাঙ্গারের সহকারী হন তিনি। এই দায়িত্ব পালন করলেন আড়াই বছর। ল্যাঙ্গারের ছুটি কিংবা অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। আগামী জুনে শ্রীলংকা সফর দিয়ে তার নতুন যাত্রা শুরু করার কথা রয়েছে।










