বিশ্বকাপ চলাকালেই গুঞ্জন ওঠে, সৌদি আরবের ক্লাব আল-নাসের আকর্ষণীয় চুক্তির প্রস্তাব দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তখন পর্তুগিজ সুপারস্টার অস্বীকার করলেও বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্লাবটির সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন ৩৭ বছর বয়সী রোনালদো। জানা গিয়েছে, সব মিলিয়ে সাত বছরের চুক্তি সই করবেন তিনি। এর মধ্যে আড়াই বছর ফুটবলার হিসেবে ক্লাবটির হয়ে খেলবেন তিনি। তারপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেয়া হবে সিআরসেভেনকে।

বার্ষিক ২০ কোটি ৩৪ লাখ ইউরোর চুক্তি হচ্ছে দুই পক্ষের মধ্যে, বাংলাদেশী মুদ্রায় বছরে প্রায় ২ হাজার ২৯৬ কোটি টাকা পাবেন তিনি। 

জানা গেছে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে বেশ আগ্রহী সৌদি আরব। মিসর ও গ্রিসের সঙ্গে তারাও বিশ্বকাপ আয়োজনের দাবি জানাতে চায়। সে দেশের নামকরা ক্লাবের সঙ্গে যদি রোনালদোর মতো আইকনের যোগ থাকে, তাহলে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা যাবে, এমনটাই মনে করেন সৌদি ফুটবল কর্তারা। শুধু ফুটবলার হিসেবে নয়, আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় রোনালদোকে দেখতে চাইছে সৌদি আরব।

পিএসজিতে খেলে বছরে ৭৫ মিলিয়ন ইউরো পান লিওনেল মেসি, আর নেইমার পান ৭০ মিলিয়ন ইউরো। কিন্তু রোনালদো সৌদি ক্লাবে যোগ দিলে মেসি ও নেইমার দুজনই পর্তুগিজ সুপারস্টারের চেয়ে অনেক পিছিয়ে পড়বেন। আল নাসের তাকে বছরে দেবে ২০০ মিলিয়ন ইউরোরও বেশি।

প্রসঙ্গত, ম্যানইউ ছেড়ে বেরিয়ে আসার পরে চেলসি, নিউক্যাসল রোনালদোকে দলে নিতে চেয়েছিল। বিশ্বকাপ শেষ হলেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবে সই করতে পারেন তিনি, এমনটাও শোনা গিয়েছিল। ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে যাবেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল ফুটবল মহলে। তবে আল নাসেরে যাচ্ছেন তিনি, এই বিষয়ে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল ফুটবল মহল।