মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের পরদিন আজ বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চ পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় বেলা একটায় ক্রাইস্টচার্চের মাটিতে পা রাখেন মুমিনুল-এবাদতরা।
৯ জানুয়ারি রোববার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের আগে বাংলাদেশ দল কীভাবে শারীরিক ধকল কাটিয়ে উঠে নিজেদের প্রস্তুত করবে সে বিষয়ে খানিকটা ধারণা দিলেন দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিকোলাস লি।
আজ দুপুরে এক ভিডিওবার্তায় নিকোলাস লি বলেন, প্রথম টেস্ট জিতে দলের সবাই খুব খুশি। এখন পরের দুই দিন পরবর্তী টেস্টের জন্য প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। আজ সকালেই কিন্তু পেস বোলাররা ফ্লাইটে ওঠার আগে জিমে কিছু কাজ করেছেন। অগামীকাল দলের বাকিরাও করবেন এবং আমরা দেখব কীভাবে তাদের পরের ম্যাচের জন্য তৈরি করা যায়। অবশ্যই ম্যাচে একেকজন একেক রকম ভূমিকা পালন করেছে এবং তাদের শারীরিক ধকলও ছিল ভিন্ন। আগামীকাল সবাইকে বাড়তি পরিশ্রম করতে হবে এবং ম্যাচের আগের দিন তারা অনেকটাই হালকা অনুশীলন করবে কিংবা নির্ভার থাকবে।
তিনি আরো বলেন, টেস্ট ম্যাচ বলে ছেলেদের শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে। কাজেই তারা সামনের দুই দিনে তা কাটিয়ে উঠে ম্যাচের জন্য তৈরি হবে বলে আশাকরি।
হ্যাগলি ওভালে এখন পর্যন্ত একটি টেস্ট খেলে তাতে হেরেছে বাংলাদেশ। ২০১৯ সালে এখানে একটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেবার সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সফর বাতিল হয়ে যায়।










