স্প্যানিশ লা লিগায় আজ মায়োর্কার কাছে ১-০ গোলে
হেরে বসেছে বর্তমান স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে
সাবেক ক্লাবের বিপক্ষে পেনাল্টি মিস করেন রিয়াল মিডফিল্ডার মার্কো আসেনসিও।
এস্তাদিও মায়োর্কা সন ময়েক্সে ম্যাচের ১৩তম
মিনিটে মায়োর্কার ভেদাত মুরিকির হেডে বল রিয়াল ডিফেন্ডার নাচোর গায়ে লেগে জালে
জড়িয়ে যায়।
তবে গোল পরিশোধের সুযোগ এসেছিল রিয়ালের সামনে। ৫৯
মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন মায়োর্কার গোলকিপার প্রেদ্রাগ
রাজকোভিচ,
তাতে পেনাল্টি দেন রেফারি। যদিও স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন আসেনসিও। রাজকোভিচ
বামদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে তার শট ঠেকান।
রিয়ালের এই হারে লাভ হলো বার্সেলোনার। আজ রাতে
সেভিয়াকে হারিয়ে রিয়ালকে আট পয়েন্টে পেছনে ফেলার সুযোগ তৈরি হলো কাতালানদের।
মায়োর্কার সঙ্গে আগের টানা চার দেখায় প্রতিবারই
জিতেছে রিয়াল। ২০১৯ সালের পর এই প্রথম রিয়ালকে হারানোর কৃতিত্ব দেখাল মায়োর্কা। ১৪
বারের মুখোমুখিতে এটা মাত্র দ্বিতীয় জয় তাদের। আজ ৭৪ শতাংশ বল দখলে রেখেও জেতা
হয়নি রিয়ালের। তাদের ২০ শটের বিপরীতে মায়োর্কা গোলমুখে শট নিয়েছে মাত্র চারটি। অথচ
ম্যাচশেষে বিজয়ী দলের নাম মায়োর্কা।
লস পিরাতাসরা এ মৌসুমে ১-০ গোলে হারিয়েছে
অ্যাতলেটিকো মাদ্রিদকেও। এবার তাদের শিকার রিয়াল মাদ্রিদ। তারা টেবিলের দশম স্থানে
রয়েছে।










