বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণেও চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল। ক’দিন আগে বিসিএলের চারদিনের ফরম্যাটে দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপা উৎসব করে দলটি। গতকাল ওয়ানডে ফরম্যাটে লো-স্কোরিং ফাইনালে দক্ষিণাঞ্চলকে ছয় উইকেটে হারায় মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৬৩ রান করে দক্ষিণাঞ্চল। জবাবে ৪২.২ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মধ্যাঞ্চল।

সিলেটে ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চলকে ভালো সূচনা এনে দেন মিজানুর রহমান ও সৌম্য সরকার। দলীয় ৬৫ রানে সৌম্যকে (২১) ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার নাসুম আহমেদে। সেখান থেকে ১১ রান যোগ না হতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে মধ্যাঞ্চল।

এরপর আর কোনো বিপদ গড়তে দেননি অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও আল আমিন। ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে মধ্যাঞ্চলকে জয় এনে দেন তারা। ৬৯ বলে ৫৩ রান করেন আল আমিন। মোসাদ্দেক খেলেন ৮৫ বলে ৩৩ রানের দায়িত্বশীল ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে তিনটি উইকেট নেন নাসুম।

এর আগে টস জিতে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় মধ্যাঞ্চল। পিনাক ঘোষ ও এনামুল হক বিজয় দক্ষিণকে শুরুটা এনে দিয়েছিলেন দারুণ। উদ্বোধনী জুটিতে দুজন দলীয় পঞ্চাশ পার করেন। ২০ রানে বিজয় ফিরলে ৫১ রানে ভাঙে জুটি। এরপর ৩৫ রানে ফেরেন পিনাক। অমিত হাসানের ২৯, জাকির হাসানের ১৪ ও নাহিদুল ইসলামের ৩১ রানে ভর করে দেড়শ পার হয় দক্ষিণাঞ্চলের। ম্যাচসেরা হওয়ার পাশাপাশি ১৪৮ রান ও ৬ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরাও মোসাদ্দেক হোসেন।