মিরপুর টেস্টে ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। আজ চতুর্থ দিনের শুরুতেই  সেটা ব্যাটার বাবর আজম ও আজহার আলীকে দ্রুত ফেরান বাংলাদেশের বোলাররা। এর পর মাঠে এসে পরবর্তী দুই ব্যাটার ফাওয়াদ আলম ও রিজওয়ান নতুন করে প্রতিরোধ গড়ে তোলেন সফরকারীদের হয়ে। দু’জনের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তান তোলে ১০৩ রান। ফাওয়াদ অপরাজিত থাকেন টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে (৫০)। রিজওয়ান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে সপ্তম হাফসেঞ্চুরি। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনিও। তাদের ব্যাটে ভর করে চার উইকেটে যখন পাকিস্তানের সংগ্রহ ৩০০ রান, তখন ঘোষণা দেন পাক অধিনায়ক বাবর আজম। 

বৃষ্টি ও মেঘের শঙ্কা কাটিয়ে আজ সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয় চতুর্থ দিনের খেলা। তবে আলোক স্বল্পতার কারণে খেলা হচ্ছে ফ্লাডলাইটের আলোয়। দুই উইকেট হারিয়ে ১৮৮ রান নিয়ে এদিন ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারেই সেট ব্যাটার আজহারকে ৫৬ রানে বিদায় করেন এবাদত। পুল শট খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন এ ডানহাতি ব্যাটার। তাতে ভাঙে বাবর-আজহারের ১২৩ রানের জুটি।

এরপর আগের দিন ৭১ রানে অপরাজিত থাকা বাবরকে ইনিংসের ৬৮তম ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন খালেদ, যা তার প্রথম টেস্ট উইকেট। ড্রেসিং রুমের পথে হাঁটার আগে ১২৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৬ রান করেন বাবর। দলীয় ১৯৭ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের আজ চতুর্থ দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু হয়নি। খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। বৃষ্টির আশঙ্কায় সকাল থেকেই পিচ ঢেকে রাখা হয়েছিল। এরপর সকাল ১০টা ১০ মিনিটে মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। এর মাঝে কাভার সরিয়ে উইকেট রোলও করা হয়। মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়েছিলেন, সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হবে খেলা। পুরো দিনে ৮৬ ওভার খেলা হওয়ার সম্ভাবনা আছে।