গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড যে স্কোয়াডটি মাঠে নামায় সেটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল স্কোয়াড! ইউরোপিয়ান গভর্নিং বডি উয়েফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

‘দ্য ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ’ নামের এই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আর্থিক বছরশেষে ইউনাইটেডের খেলোয়াড়দের দলবদল বাবদ খরচ ছিল ১৪২ কোটি ইউরো (১২১ কোটি পাউন্ড), যা ইতিহাসের সর্বোচ্চ ব্যয়বহুল স্কোয়াড। আগের ব্যয়বহুল স্কোয়াড ছিল রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ জায়ান্টরা ২০২০ সালে ১১৩ কোটি পাউন্ডের স্কোয়াড গড়েছিল।

 

রেকর্ড গড়া ইউনাইটেডের স্কোয়াডে ছিল ৮২ মিলিয়ন পাউন্ডের অ্যান্টনি, ৮০ মিলিয়ন পাউন্ডের হ্যারি মাগুইয়ার, ৭৩ মিলিয়ন পাউন্ডের জ্যাডন সাঞ্চো ও ৭০ মিলিয়ন পাউন্ডের ক্যাসেমিরো। মোট খরচের মধ্যে অবশ্য ৭২ মিলিয়ন পাউন্ডের রাসমুস হলান্ড, ৫৫ মিলিয়ন পাউন্ডের ম্যাসন মাউন্ট ও ৪৭ মিলিয়ন পাউন্ডের আন্দ্রে ওনানা অন্তর্ভুক্ত নন, কেননা তাদের কেনা হয় ২০২৩ সালের গ্রীষ্মকালীন দলবদলের সময়।