কোয়ারেন্টিন শেষে বুধবার অনুশীলনের জন্য মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেটাররা। যদিও বৃষ্টির কারণে অনুশীলন হয়নি। আজ পুরোদমে অনুশীলনের পাশাপাশি কোয়ারেন্টিন সেন্টার থেকে ওঠার কথা ছিল টিম হোটেলে। কিন্তু তাতে বাধ সাধল স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কভিড-১৯ পজিটিভ হওয়া। ক্রাইস্টচার্চগামী বিমানে হেরাথ ছাড়া আরো এক যাত্রী পজিটিভ হন। ফলে পুরো বাংলাদেশ দলকে আরো তিনদিনের জন্য রুম কোয়ারেন্টিনে থাকতে হবে।
নিউজিল্যান্ড থেকে আজ বাংলাদেশ টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল এক ভিডিও বার্তায় বলেন, আমাদের অনুশীলনটা কয়েকটা দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। এই নির্দেশটা আসে নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রনালয়ের কাছ থেকে।
হেরাথ বুধবার কভিড-১৯ পজিটিভ হন। যদিও তার মধ্যে উপসর্গ মাঝারি ধরণের। এই লংকান কোচ পজিটিভ হওয়ায় বাংলাদেশ দলের মধ্যে উত্কণ্ঠা ছিল অনেক, যদিও আজ দ্বিতীয়বার করোনা পরীক্ষায় তিনি নেগেটিভ হওয়া কন্টিনজেন্টের মধ্যে স্বস্তি ফিরে আসে।
ক্রাইস্টচার্চগামী বিমানে হেরাথের সফরসঙ্গী থাকা বাংলাদেশ দলের আট ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়। দলের বাকিরা আজ লিংকনে অনুশীলনের জন্য গেলেও তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে আরো তিনদিনের জন্য রুম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ। কারণ, তাদের অনেকেই হেরাথের কাছাকাছি ছিলেন।
১০ ডিসেম্বর নিউজিল্যান্ড পৌঁছানোর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে মুমিনুল হকের দলকে। যদিও ১৪ ডিসেম্বর থেকে তারা বিশেষ ব্যবস্থাপনায় আইসোলেশনে থেকেও জিমসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাচ্ছিলেন। কিন্তু এবার কোয়ারেন্টিনে আরো খানিকটা কড়াকাড়ি থাকছে।
এরপরও চিন্তা তো রয়েই যায়। কেননা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে অতিথি দলের অনুশীলন ব্যহত হবে, যার প্রভাব পড়তে পারে পারফরম্যান্সেও।
১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের।
নাফিস ইকবাল বলেন, আমাদের আরেকটা কভিড টেস্ট বাকি আছে, যেটা হওয়ার কথা ৯ নম্বর দিনে। সেটা হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম। আগে থেকেই নিউজিল্যান্ডে একটা নিয়ম ছিল ১৪ দিনের কোয়ারেন্টিন, যদিও ট্যুরের আগে সমঝোতার মাধ্যমে এটা ৭ দিনের করা হয়েছিল, প্লাস ৩ তিন। আসলে এটা ১০ দিনের সব সময়ই ছিল। ৭ দিন ছিল এমআইকিউর অধীনে, আর ৩ তিন দিন ছিল হোটেলে গিয়ে আপনি অনুশীলন করতে পারবেন, সেখানেও একরকম আইসোলেশন ছিল। সবমিলে, ১০ দিনের কোয়ারেন্টিনই ছিল সব সময়। এখন হয়তো আমাদের এমআইকিউর অধীনেই ১০ দিন থাকতে হতে পারে। আমি আবারো বলছি, অনাকাঙ্ক্ষিত কারণে সরকারের দিক থেকে নির্দেশ দেয়া হয়েছে।
হেরাথকে নিয়ে নাফিস ইকবাল বলেন, উনি ভালো আছেন, ধীরে ধীরে উন্নতি করছেন। তার সাথে নিয়মিত যোগাযোগে রয়েছে টিম, সুজন ভাই আছেন, আমি যোগাযোগ রাখছি। আশাকরি, শিগগিরই তাকে আমাদের সাথে পাব। দোয়া করবেন সবাই যেন আমরা ভালো থাকি ও সুস্থ থাকি।










