প্রথম ইনিংস ভালো হয়নি ইংল্যান্ডের। কিন্তু জো রুট ও ডেভিড মালানের ব্যাটে দ্বিতীয় ইনিংসে লড়াই করছে অতিথিরা। অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ২২০ রান করেছে ইংল্যান্ড। এখনো অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ৫৮ রান। রুট ৮৬ ও মালান ৮০ রানে অপরাজিত আছেন।
এর আগে ট্রাভিস হেডের ১৫২ রানে ভর করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৪২৫ রান। স্বাগতিকরা লিড পায় ২৭৮ রানের। প্রথম ইনিংসে ইংলিশরা করেছিল ১৪৭ রান।
দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ২৩ রানের মাথায় ফেরেন ওপেনার ররি বার্নস। প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মারার পর এ ইনংসে ব্যক্তিগত ১৩ রানে প্যাট কামিন্সের শিকার হন। দলের ৬১ রানের মাথায় আউট হন আরেক ওপেনার হাসিব হামিদ। ৫৮ বলে ২৭ রান আসে তার ব্যাট থেকে। এর পর অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন রুট-মালান। ইতোমধ্যে এ জুটি দলীয় স্কোর বোর্ডে জমা করেছেন ১৫৯ রান। দু’জনেই আছেন সেঞ্চুরির পথে। ১৫৮ বল মোকাবেলায় ৮৬ রান করে অপরাজিত আছেন রুট। হার না মানা ইনিংসে ছিল ১০টি চারের মার। ১৭৭ বল মোকাবেলায় ৮০ রানে অপরাজিত আছেন মালানও। তার ইনিংসেও ছিল ১০টি বাউন্ডারি।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স একটি করে উইকেট নেন।
এর আগে ব্রিসবেনে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সাত উইকেটে ৩৪৩ রান করেছিল অস্ট্রেলিয়া। আজ বাকি তিন উইকেট যোগ করেছে ৯২ রান। ৪২৫ রানে থামে প্রথম ইনিংস। আগের দিন ১১২ রানে অপরাজিত থাকা হেড আজকে ফেরেন ১৫২ রান করে। এজন্য খেলেছেন ১৪৮ বল। ১৪টি চার ও চারটি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন অজি ব্যাটার। এছাড়া মিচেল স্টার্ক ৩৫ ও নাথান লায়ন করেন ১৫ রান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ওলি রবিনসন ও মার্ক উড নেন তিনটি করে উইকেট।










