ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ একমাত্র ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায় কলকাতা। ২৩ বছর বয়সী পেস বোলার অশ্বানী কুমার ২৪ রানে ৪টি নিয়ে ইতিহাস গড়েন। আইপিএল অভিষেকে এটাই কোনো ভারতীয়র সেরা বোলিং। দিপক চাহার ১৯ রানে ২টি উইকেট নেন। জবাবে ৪৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মুম্বাই। ৪১ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন রায়ান রিকেলটন।
প্রথম দুই ম্যাচে টানা হারের পর অবশেষে জিতল মুম্বাই। কলকাতাও সমান তিন ম্যাচ খেলে একটি জিতেছে। এ মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুইয়ে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্টও ৪।










