এবারের বিপিএলে টানা আটটিসহ মোট ১১ ম্যাচে অপরাজিত রংপুর রাইডার্সকে প্রথম হারের স্বাদ দিল দুর্বার রাজশাহী। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরকে ২৪ রানে হারিয়েছে তাসকিন আহমেদের দল।
২০ জানুয়ারি চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাত্র ৮০ রানে অলআউট হয়ে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরে যায় রাজশাহী। সেই বিপর্যয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল দলটি। ইয়াসির আলীর ব্যাটিং ও রায়ান বার্লের বোলিংয়ে ভর করে জিতেছে রাজশাহী।
ইয়াসির ৩২ বলে ৬০, সাব্বির হোসেন ১৯ বলে ৩৯, এনামুল হক ৩১ বলে ৩৪ ও মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করে রাজশাহীকে ৯ উইকেটে ১৭০ রানের পুঁজি এনে দেন। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় রংপুর। ঘূর্ণি বলে ৪ ওভারে ২২ রানের খরচায় ৪ উইকেট নেন বার্ল। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেরব হাসান দুটি করে উইকেট নেন। রংপুরের সাইফ হাসান ৪৩ ও নুরুল হাসান ৪১ রান করেন।
আজকের জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে রাজশাহী। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চারে উঠেছে। হারের পরও ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। দুই ও তিনে আছে যথাক্রমে ফরচুন বরিশাল (৮ ম্যাচে ১২) ও চট্টগ্রাম কিংস (৯ ম্যাচে ১০)। ঢাকা ক্যাপিটাল (১০ ম্যাচে ৬), খুলনা টাইগার্স (৮ ম্যাচে ৬) ও সিলেট স্ট্রাইকার্সের (৮ ম্যাচে ৪) আশা এখনো বেঁচে আছে।
আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও সিলেট।










