বছরের প্রথম দিন থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যেকার দুই টেস্ট ম্যাচের প্রথমটি। তার আগে নিউজিল্যান্ড একাদশ ও বাংলাদেশের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। মাউন্ট মঙ্গানুইয়ে ৭ উইকেটে ১৪৬ রান নিয়ে নিউজিল্যান্ড একাদশ ইনিংস ঘোষণার পর বাংলাদেশ করেছে ৮ উইকেটে ২৬৯ রান।

বাংলাদেশের স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে দু’জনের ৫০ রানের জুটি ভাঙে ৫৩ বলে ২৭ রান করে শান্ত বিদায় নিলে। দলীয় ৮২ রানে মুমিনুল হককেও হারায় বাংলাদেশ। বিদায়ের আগে ২৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

তবে জয় পূর্ণ করেন অর্ধশতক। ১৩১ বলে ১১টি চারে ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। মুশফিকুর রহিমও ৯১ বলে ৬৬ রান করেন। এছাড়া ৬৮ বলে ৪১ রান করেন লিটন দাস। ম্যাচ ড্রয়ের সময় বাংলাদেশ ১২৩ রানে এগিয়ে ছিল।

এর আগে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ২৭.৩ ওভার খেলা হলেও বুধবার দ্বিতীয় দিনে পুরোটা খেলা হয়। যেখানে ৫ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। তাসকিন আহমেদকে এ দিন বিশ্রাম দেয় বাংলাদেশ। মূলত আজ স্পিনারদের বোলিং অনুশীলন করানো হয়। যেখানে সুযোগটা কাজে লাগান মেহেদী হাসান মিরাজ। থিতু হওয়া দুই কিউই ব্যাটারকে ফেরান এই অফ স্পিনার। ভুলা থামেন ৫৭ রানে, আভি ৩৩। নিউজিল্যান্ড একাদশ ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ১৪৬ রান তুলে।