বিপিএলে আজ সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী। তবে রাজশাহীর একাদশটি বড় অদ্ভূতুড়ে লাগতে পারে। এই একাদশের ১১ জনই যে বাংলাদেশের খেলোয়াড়। টাকা না পেয়ে বিদেশিরা খেলছেন না, ফলে শেষ মুহূর্তে বিপিএলের টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে ১১ জন দেশি খেলোয়াড়কে নিয়ে একাদশ মাঠে নামায় রাজশাহী।
রায়ান বার্ল, মোহাম্মদ হারিসের মতো বিদেশি তারকা আছেন রাজশাহীতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স ও নাথান এডওয়ার্ডস, পাকিস্তানের সালমান মির্জা, বিলাল খান, সাদ নাসিম, আরফাত মিনহাস, শ্রীলংকার লাহিরু সামারাকুনকে সই করায় দুর্বার রাজশাহী। যদিও দুর্বার রাজশাহী টাকা পরিশোধ করেনি বলে বিদেশিরা আজ হোটেল থেকে মাঠেই যাননি। ফলে তাদের ছাড়াই একাদশ সাজাতে হয় রাজশাহীকে।
এবারের বিপিএলে খেলোয়াড়দের টাকা বকেয়া রাখা নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। বিতর্কের মুখে চট্টগ্রাম পর্ব শুরুর দিকে কিছু খেলোয়াড়ের টাকা পরিশোধ করা হয়। আজ এনামুল হক বিজয়ের একটি ফেসবুক পোস্ট থেকে দেখা যায়, স্থানীয় ক্রিকেটারদের টাকা দিয়েছে দলটি। এরই মধ্যে সন্ধ্যা নাগাদ জানা যায়, বিদেশিরা টাকা পায়নি বলে আজ খেলবেন না এবং শেষ পর্যন্ত তেমনটিই ঘটেছে।
বিপিএলের বাইলজে আছে, একাদশে সর্বোচ্চ চারজন বিদেশিকে খেলানো যাবে এবং ন্যূনতম দুজন থাকতে হবে। কিন্তু রাজশাহীর একাদশে বিদেশি নেই একজনও। এ নিয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক রকিবুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাজশাহী জানিয়েছে, বিদেশি খেলোয়াড় নিয়ে তারা একটু সমস্যায় আছে। সমস্যাটা কী তা বলেনি। তারা আবেদন জানিয়েছে, এই ম্যাচটা তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা তাদের সে অনুমতি দিয়েছি। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে টেকনিক্যাল কমিটির সে এখতিয়ার আছে।’
এমনও শোনা যাচ্ছিল, পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ ও সহকারী কোচ ইফতেখার আঞ্জুমকে একাদশে রাখতে পারে রাজশাহী। যদিও টেকনিক্যাল কমিটি ১১ জন স্থানীয় ক্রিকেটারকে খেলানোর অনুমতি দেয়ায় সেই লজ্জায় পড়তে হয়নি রাজশাহীকে।
কিন্তু টাকা না পেয়ে বিদেশিরা না খেলায় লজ্জা এড়াতে পারবে কি রাজশাহী ও বিপিএল গভর্নিং কাউন্সিল? সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি কাঠগড়ায় দাঁড়াচ্ছে না?










