ক্রিস্টেন স্টুয়ার্ট বহু তরুণের মনে ঝড় তুলেছেন। গ্ল্যামারের পাশাপাশি অভিনয়েও তিনি দক্ষ। সম্প্রতি তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। বার্লিনেল নামে পরিচিত বার্লিন চলচ্চিত্র উৎসবে জুরিদের প্রেসিডেন্ট হয়েছেন ৩২ বছর বয়সী এ অভিনেত্রী। সম্প্রতি চলচ্চিত্র উৎসবে এক কথোপকথনে সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন ক্রিস্টেন। সিনেমার বিভিন্ন পরিবর্তন ও মহামারীর সময় ক্ষতির বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেছেন সিনেমা মরে যায়নি। সিনেমা হলো গল্প বলার একটি মাধ্যম আর তা চলে আসছে নিজের মতো করে।

ক্রিস্টেন বলেন, ‘‌একবার যদি পেছনে ফিরে তাকাই, দেখা যাবে আমরা গল্প বলা কখনো বন্ধ করিনি।’ মহামারীর সময় সিনেমা একটা জটিল ও সংকটজনক পরিস্থিতি পার করেছে সেটা ক্রিস্টেন স্বীকার করেন। এর মধ্য থেকেও সিনেমা নিজের জায়গা করে নিয়েছে। তিনি বলেন, ‘‌দেখে মনে হতে পারে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও কিছু বিষয় চলমান।’

ক্রিস্টেন স্টুয়ার্ট ২০১০ সালে বার্লিনেলে প্রথম অংশগ্রহণ করেন। টোয়াইলাইট তখন সাফল্যের শীর্ষে। এরপর তিনি নিয়মিতই অংশগ্রহণ করেছেন এ উৎসবে। এ বছর জুরির প্রেসিডেন্ট হিসেবে তার কাঁধে বড় দায়িত্ব। এ নিয়ে তিনি কী ভাবেন তা জানতে চাইলে বলেন, ‘‌আমি স্বচ্ছতায় বিশ্বাসী। এর বাইরে আমি পরিবর্তন লক্ষ্য করার জন্য প্রস্তুত। সিনেমা এ সময়ে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সেসব পরিবর্তন গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। আমরা সবাই সেটা দেখার জন্যই এখানে এসেছি।’

ক্রিস্টেন সবসময় সোজাপাপ্টা কথা বলেন। লুকোছাপা বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তার স্বভাবে নেই। টোয়াইলাইটে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এ সিরিজের মাধ্যমেই তিনি প্রতিষ্ঠিত হন। কিন্তু টোয়াইলাইটের মধ্যে আটকে থাকেননি ক্রিস্টেন। এরপর তিনি নানা ধরনের সিনেমায় অভিনয় করেছেন। নিজেকে নিয়ে নিরীক্ষা করেছেন। স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান সিনেমায় নজর কেড়েছিলেন দর্শকের। ২০২১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘‌স্পেন্সার’। প্রিন্সের ডায়নার চরিত্রে অভিনয় করে অস্কার দৌড়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিলেন ক্রিস্টেন। কিন্তু ক্রিস্টেনের নিজের প্রিয় সিনেমা কোনটি? বা তার দৃষ্টিতে কোন আন্তর্জাতিক সিনেমাটি সেরা? এমন প্রশ্নের জবাবে ক্রিস্টেন জানান, ‌তার কাছে এমন কোনো তালিকা নেই। সিনেমা বা নির্মাতাদের মধ্যে কাউকে সেরা হিসেবে বাছাই করেননি তিনি।

সূত্র: ভ্যারাইটি