মারা গিয়েছেন বলিউড অভিনেতা রাজু শ্রীবাস্তব। কমেডি চরিত্রের জন্য জনপ্রিয় এ তারকা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রাজুর বয়স হয়েছিল ৫৮ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ১০ অগস্ট হৃদ্রোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় অভিনেতার। এর পরেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রথম দিকে অবস্থার অবনতি হলেও প্রায় ১৫ দিন হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন রাজু। তবে গত ১ সেপ্টেম্বর আবার শারীরিক অবস্থার হতে থাকে। সর্বশেষ ২০ দিন লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন রাজু শ্রীবাস্তব। সেখানেই আজ মারা যান তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ, নাচ বালিয়ে, বিগ বস, বিগ ব্রাদারসহ বেশ কিছু রিয়্যালিটি শোতে অংশ নেন রাজু শ্রীবাস্তব। অভিনয় করেন ‘শক্তিমান’ এর মতো জনপ্রিয় সিরিজে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে কানপুর থেকে সমাজবাদী দল তাকে প্রার্থী করে। কিন্তু দল সাহায্য করছে না এমন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান রাজু। পরে বিজেপিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে শামিল হন।
সর্বশেষ ২০১৭ সালে ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিতে পূর্ণাঙ্গ চরিত্রে পাওয়া যায় রাজু শ্রীবাস্তবকে। স্বচ্ছ ভারত অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার অভিনীত সিনেমাটি নির্মিত হয়েছিল।










