ভারতের বিভিন্ন এলাকায় এখনো লকডাউন চলছে। এরই মধ্যে লক্ষেৗতে আটকা পড়েছেন কণিকা কাপুর। সোমবার একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে তিনি তার সন্তানদের খুব মিস করছেন। এই গায়িকা তার তিন সন্তান আয়ানা, সামারা ও যুবরাজের একটি মিষ্টি ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে কণিকা লিখেছেন, ‘আমি তোমাদের খুব মিস করছি।’ তিনি একটি আন্তরিক উক্তিও করেছেন সেই পোস্টে। উদ্ধৃতিটিতে লেখা ছিল, ‘যা আছে আপনি যদি সেসবই ভালোবাসেন, তাহলে আপনার কাছে প্রয়োজনীয় সবকিছুই আছে।’

কণিকা তিন সন্তানের মা। তার প্রাক্তন স্বামী এনআরআই ব্যবসায়ী রাজ চন্ডোকের সঙ্গে তিনি সন্তানদের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। করোনাভাইরাস পরীক্ষায় ইতিবাচক প্রথম বলিউড সেলিব্রিটি হওয়ার কারণে তিনি শিরোনামে এসেছিলেন। ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা লন্ডন থেকে যখন ফিরে আসেন তখন ভারতে লকডাউন চালু না হওয়ায় নিজেকে কোয়ারেন্টিনে রাখেননি তিনি। এমনকি লক্ষেৗর হাই-প্রোফাইল একটি পার্টিতেও অংশ নিয়েছিলেন কণিকা। এ কারণে তার নামে মামলাও দায়ের হয়েছিল। তবে তার সংস্পর্শে এসে অন্য কারো ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।


হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরে কণিকা তার অবস্থা বর্ণনা করে একটি টুইট করেছিলেন। তিনি তাতে লেখেন, ‘অনেক রকম কাহিনী আমাকে নিয়ে বলা হচ্ছে। আমি কোনো জবাব না দেয়ায় সেগুলো আরো দ্রুত ছড়িয়ে পড়েছে। আমি সবাইকে জানাতে চাই যে আমি ভালো আছি। বর্তমানে আমি লক্ষেৗয়ে অবস্থান করছি। আমার সংস্পর্শে আসা কেউই করোনাভাইরাসে আক্রান্ত হননি। আমাকে সমর্থন করার জন্য আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাই।’ করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য কণিকা তার রক্তের প্লাজমা দান করেছিলেন বলেও জানা যায়। ২০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি এবং এই মারাত্মক ভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে ৬ এপ্রিল তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

 

সূত্র: পিংকভিলা