শিশু ও পারিবারিক ঘরানার সিনেমার জন্য পৃথক বিভাগ চালু করতে যাচ্ছে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস। এক্ষেত্রে পুরস্কার দেয়া হবে সেই সব সিনেমাকে, যা শুধু শিশুতোষ ও তরুণদের জন্য বিশেষভাবে নির্মিত। যেসব সিনেমা ইউ, পিজি ও টুয়েলভ এ সার্টিফিকেটধারী, সেগুলো এ বিভাগে পুরস্কারের জন্য জমা দেয়া যাবে। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর প্রথমবারের মতো বাফটায় নতুন কোনো বিভাগ চালু হতে যাচ্ছে। আগামী বছর থেকে বিভাগটিতে পুরস্কার দেয়া শুরু হবে।
অন্য বিভাগে জমা দেয়া সিনেমাও এ বিভাগে জমা দেয়া যাবে। উদাহরণস্বরূপ, কেউ যদি ইনসাইড আউট টু সিনেমাটিকে সেরা অ্যানিমেশন বিভাগে জমা দেয়, তার পরও শিশুতোষ বিভাগে জমা দিতে কোনো অসুবিধা হবে না। পেডিংটন ইন পেরু ও ডেসপিকেবল মি ফোরের মতো সিনেমাগুলোই মূলত এ বিভাগে থাকবে। ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, বাফটার আগামী আসরগুলোয় শিশুতোষ ও পারিবারিক সব সিনেমাকেই এ বিভাগে সাবমিট করা যাবে।
এছাড়া বাফটা আরো কিছু পরিবর্তন এনেছে পুরস্কার দেয়ার ক্ষেত্রে। পরিবর্তন আনা হয়েছে বেস্ট ফিল্ম ক্যাটাগরির জন্য শর্ত হিসেবে থাকা প্রেক্ষাগৃহের সংখ্যাও। এর আগে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে সাবমিট করতে হলে কোনো সিনেমাকে সাতদিন ধরে প্রতিদিন ১০ বার প্রেক্ষাগৃহে চলার শর্ত থাকত। এখন যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে সপ্তাহে কমপক্ষে ৫০টি প্রদর্শনী হলেই সাবমিট করা যাবে। এছাড়া সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে নম্বরভিত্তিক নতুন পদ্ধতি চালু করা হয়েছে, যেন চলচ্চিত্রকে সঠিকভাবে বিচার করা যায়। উল্লেখ্য, বাফটার ৭৮তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি।
সূত্র: বিবিসি










